নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ! ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মাতালগড় এলাকায়। সুত্রাগড় চুনুরিপাড়া এলাকার একটি পরিবারের বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণ করে তামিলনাড়ু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃত নাবালিকার মা মাম্পি দাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর তেরোর ওই নাবালিকা এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার দুপুরে বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার নাম করে সে বেরিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন মা সহ গোটা পরিবার। এলাকায় খোঁজখবর শুরু করেন তাঁরা। যদিও কোথাও ওই নাবালিকার সন্ধান মেলেনি। যে বান্ধবীর জন্মদিনে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বেরিয়েছিল, তার কাছেও খোঁজ করেন পরিবারের লোকজন। জানতে পারেন, বাড়ি থেকে বেরোলেও সেখানে পৌঁছয়নি ওই নাবালিকা। তার মায়ের দাবি, দীর্ঘক্ষণ মেয়েকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে এসে তাঁরা দেখতে পান, মেয়ের পড়ার বইগুলি ছড়িয়ে রয়েছে। সেই বইয়ের ভিতর থেকে সমু দাস নামে চুনুরি পাড়ার বাসিন্দা এক যুবকের ফোন নম্বর মেলে। যদিও বারবার ফোন করা হলেও নম্বরটি স্যুইচ অফ ছিল। পরে ওই যুবকের দিদি দিয়া মণ্ডল ফোনে নাবালিকার মাকে জানায়, তাঁর মেয়েকে নিয়ে তামিলনাড়ু চলে যাওয়া হয়েছে। আপাতত সে তাদের কাছেই রয়েছে। নাবালিকার মা মাম্পিদেবী বলেন, ওই মহিলার কাছে মেয়েকে ফিরিয়ে দেওয়ার কাতর আর্জি জানাই। কিন্তু ওরা ফিরিয়ে দিতে চায়নি। আমার আশঙ্কা, ওরা আমার মেয়েকে বিক্রি করে দেওয়ার ছক কষছে। তাই বাধ্য হয়েই শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটির বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কীসের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছে বা সত্যিই পাচারের ছক রয়েছে কি না, তদন্তে তা খোঁজার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিস।