Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাকে কুপ্রস্তাব, নিগ্রহের অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে

নৈহাটি বিধানসভার অন্তর্গত বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি মানস পান্ডের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করলেন মৌসুমি মুখোপাধ্যায় নামে এক মহিলা।

মহিলাকে কুপ্রস্তাব, নিগ্রহের অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভার অন্তর্গত বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি মানস পান্ডের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করলেন মৌসুমি মুখোপাধ্যায় নামে এক মহিলা। জেটিয়া এলাকার বাসিন্দা মৌসুমিদেবীর অভিযোগ, মানস পান্ডে রাত-বিরেতে তাঁকে ফোন করতেন। সব ফোনই ছিল হোয়াটসঅ্যাপ কলে। রাত দুটোয় ফোন করে তাঁকে গল্প করার জন্য তিনি ডেকেছিলেন। সেই প্রস্তাবে হতবাক হয়ে যান মৌসুমিদেবী। তিনি বলেন, রাত দুটোয় কেউ গল্প করতে ডাকে! মানসবাবুকে তিনি জানিয়ে দেন, এত রাতে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। যদি গল্প করতেই হয়, তাহলে যেন তাঁর বাড়িতে আসেন বিজেপির ওই নেতা। তাঁর বাড়িতে বাবা, বোন ও মেয়ে রয়েছে। তাঁর পক্ষে এত রাতে বাড়ি থেকে বের হওয়া সম্ভব নয়।

Advertisement

মৌসুমিদেবীর বিস্ফোরক অভিযোগ, এরপরের দিন তিনি বাড়ি ফেরার সময় দেখেন একটি ছেলে রাস্তা আটকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে। ছেলেটির নাম জানতে চাইলে তিনি রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেন তাঁকে। এতে তাঁর মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়। বিষয়টি বিজেপির উচ্চতর নেতৃত্বকে জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে প্রশাসন তার দখলে বলে হুমকি দিয়েছেন মানস পান্ডে। বিজেপির মণ্ডল সভাপতির হুমকিতে রীতিমতো আতঙ্কিত মৌসুমি মুখোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মোবাইল ফোনের কল লিস্ট এবং আঘাতের চিহ্ন দেখিয়েছেন। বিচারের দাবিতেও সরব হয়েছেন। নিজেকে তৃণমূলের সমর্থক বলেও দাবি করেছেন। 
এদিকে, বিজেপির মণ্ডল সভাপতি মানস পান্ডে মৌসুমিদেবীর ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ওই মহিলা তৃণমূল করেন। ভোটের আগে অনেক গন্ডগোল পাকিয়েছেন। এমন কী বুথে রিগিংও করেছেন। তার বিরুদ্ধে এইসব অভিযোগ করে ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়কে জানিয়েছেন মৌসুমিদেবী। বিধায়ক জানান, জেটিয়া থানার ওসিকে বলেছি, সঠিক তদন্ত করে দেখার জন্য। এইসব ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলব। অন্যদিকে, এদিন বিকালে বিজেপির মহিলা কর্মীরা জেটিয়া থানার সামনে বিক্ষোভ দেখান মৌসুমিদেবীর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, আসলে এভাবে মানসবাবুকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ