Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরির টোপ দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ লালগোলায়

চাকরির টোপ দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ লালগোলায়
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: কলকাতা কর্পোরেশনে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল লালগোলার আয়েরমারি অঞ্চলের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এক অভিযুক্তের বাড়ি গিয়ে টাকা ফেরত চাইলে প্রতারিতদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে লালগোলা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। এক পুলিস আধিকারিক বলেন, এখনও পর্যন্ত প্রতারণা সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ হলে তদন্ত করে দেখা হবে।

Advertisement

জানা গিয়েছে, কলকাতা কর্পোরেশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লালগোলা ও সাগরদিঘির একাধিক জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এদিকে টাকা দেওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেলেও কারোর চাকরি হয়নি। চাকরির জন্য দেওয়া টাকা ফেরত চাইতেই এদিন প্রতারিতদের কয়েকজন আয়েরমারি গ্রামে আসেন। লালগোলার বাসিন্দা রিক্তা বিবি বলেন, কলকাতা কর্পোরেশনে চাকরির জন্য এই গ্রামের এক ব্যক্তিকে কয়েকটি কিস্তিতে পাঁচ লক্ষাধিক টাকা দিয়েছিলাম। তারপর প্রায় ছ’বছর কেটে গেলেও চাকরি হয়নি। এদিকে টাকাও ফেরত দিচ্ছে না। তাই এদিন টাকা ফেরত চাইতে তার বাড়িতে যাই। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। প্রতিবাদ করতেই মাটিতে ফেলে মারধর করে। 
সাগরদিঘির দিয়ার বালাগাছির বাসিন্দা মর্জিনা বিবি বলেন, চাকরির জন্য প্রায় দু’লক্ষ টাকা দিয়েছিলাম। তখন বলেছিল, ছ’মাসের মধ্যে চাকরি না হলে টাকা ফেরত দিয়ে দেবে। চার বছর কেটে গেলেও টাকা ফেরত দেয়নি। এখন টাকা নেওয়ার কথা অস্বীকার করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ