Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি হাসপাতালেই হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ

সরকারি হাসপাতালেই হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: সরকারি হাসপাতালের বিরুদ্ধেই বিদ্যুৎ চুরির অভিযোগ! রানিনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। অভিযোগ, খোলা লাইন থেকে হুকিং করে দিনেদুপুরে চলছে বিদ্যুৎ চুরি। জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তারা এ বিষয়ে কিছু জানেই না। রানিনগর ২ ব্লকের বিএমএইচ শামিম আখতার বলেন, ইলেকট্রিশিয়ান বলতে পারবে। আমার জানা নেই। ওইখানে যে হুক করা হয়েছে তাও আমরা জানি না। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।

Advertisement

রানিনগর থানার পাশেই অবস্থিত ওই হাসপাতালটি অবস্থিত। রানিনগরের বিভিন্ন অঞ্চল ছাড়াও আশেপাশের নবিপুর, কাতলামারি, হুড়শি, আমিরাবাদ সহ চরের বিস্তীর্ণ এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসার ভরসা ওই হাসপাতাল। হাসপাতালে বর্তমানে অন্তর্বিভাগ ও বহির্বিভাগ দুই-ই চালু আছে। প্রতিদিন ওইসব এলাকার প্রচুর মানুষ চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভিড় করেন। সেই হাসপাতালের বিরুদ্ধেই অভিযোগ, নিজস্ব বিদ্যুতের লাইন থাকা সত্ত্বেও হুকিং করে বিদ্যুৎ চুরি হচ্ছে। মঙ্গলবার হাসপাতালে ঢুকে ইমারজেন্সি বিভাগের সামনে রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে যেতেই পরেই চোখে পড়ল একটি টয়লেট। আর তার পাশেই চোখে পড়ে বিদ্যুতের খোলা তারের সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে দু’টি তার। সেই তার আবার ঢুকে গিয়েছে হাসপাতালের ভেতরে। কেন জোড়া হয়েছে ওই তার? কী চলছে ওই তার দিয়ে নেওয়া বিদ্যুতে? তাহলে কি ওই চুরি করা বিদ্যুতেই চলছে হাসপাতালের বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম? এইসব প্রশ্নের উত্তর মেলেনি স্পষ্টভাবে। হাসপাতালে আসা রোগীর এক আত্মীয় বলেন, আমি ফোনে কথা বলতে বলতে একটু সাইডে আসতেই দেখতে পাই, হুকিং করা হয়েছে। কিন্তু হাসপাতাল তো সরকারি। সরকার বিল দিয়ে নিজস্ব লাইন রেখেছে। তারপরেও কেন বিদ্যুৎ চুরি?
ডোমকল মহকুমার বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর বিশ্বাস বলেন, হাসপাতালের সরকারি কানেশকন রয়েছে। তারপরেও যদি এইরকম ঘটে থাকে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। ডোমকলের এসডিও শুভঙ্কর বালা বলেন, বিষয়টি জানা ছিল না। খতিয়ে দেখে ব্যবস্থা নেব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ