বিশেষ সংবাদদাতা, আগরতলা: তুমুল উত্তেজনা। হিংসার অভিযোগ, পালটা অভিযোগ। রীতিমতো উত্তপ্ত আবহে শুক্রবার শেষ হল ত্রিপুরার পুর নির্বাচন। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ড, ১০টি পুর পরিষদ এবং পাঁচটি নগর পঞ্চায়েতে অনুষ্ঠিত হল ভোটগ্রহণ। যদিও আগেই পাঁচটি পুর পরিষদের সবক’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই শাসকদল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে রাজ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পুর নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ।
বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর অভিযোগ, রাজ্যের অধিকাংশ পুর ও নগর সংস্থায় কার্যত প্রকৃত ভোটগ্রহণ হচ্ছে না, বরং চলছে বুথ জবরদখল। আক্রান্ত হচ্ছেন বিরোধী প্রার্থীরা। এমনকি মহিলারাও হামলার শিকার হয়েছেন। তিনি আরও জানান, কৈলাসহর, কুমারঘাট, পানিসাগর এবং সাব্রুম ছাড়া রাজ্যের অন্যত্র অবাধ ও স্বাভাবিক ভোটগ্রহণের পরিবেশ নেই। আগরতলায় যেভাবে ভোটপ্রক্রিয়া জবরদখল করা হয়েছে, রাজ্যের অন্যান্য জায়গাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পুর নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়। সিপিএম প্রার্থী অরবিন্দ দেবের নির্বাচনি পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া এবং তাঁর পোলিং এজেন্টকে হেনস্তার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
খোয়াই পুর পরিষদ নির্বাচনেও দেখা যায় একই ছবি। ভোটগ্রহণকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের অভিযোগ-পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিস্থিতি। বাম বিধায়ক নির্মল বিশ্বাস ভোটকেন্দ্রে প্রার্থীদের উপর হামলা, ভোটারদের ভয় দেখানো এবং পোলিং এজেন্টদের বুথে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দেন বিজেপির নির্বাচনী প্রভারী তথা রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার। পালটা বিধায়কের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, নির্বাচন চলাকালীন আদর্শ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, ব্যক্তিগত নিরাপত্তা -রক্ষীদের সঙ্গে নিয়ে নিজের গাড়িতে করে তিনি একটি ভোটকেন্দ্রের কাছাকাছি এলাকায় প্রবেশ করেন। তবে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর দাবি, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটে জয়লাভ করতে পারবে না বুঝেই বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ তুলছে।



