সংবাদদাতা, ঘাটাল: ভালোবেসে বিয়ে মানতে না পারায় রাতের অন্ধকারে মেয়ের শ্বশুরবাড়িতে ‘বোমাবাজি’ ও ‘গুলি চালানোর’ অভিযোগ বধূর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। চন্দ্রকোণা থানার ধাইখণ্ড গ্রামে শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেন মেয়ের বাপের বাড়ির লোকেরা। পুলিশ জানিয়েছে, এই বিয়ে নিয়েই দুই পরিবারের মধ্যে কয়েক দিন ধরেই গোলমাল চলছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল। শুক্রবার রাতে মেয়ের বাপের বাড়ির লোকেরা গিয়ে ধাইখণ্ডে গিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল বলে মৌখিকভাবে অভিযোগ এসেছে।
কিন্তু বোমাবাজি বা গুলি চালানোর কোনো ঘটনাই ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাইখণ্ড গ্রামের বাসিন্দা জসীমউদ্দিন খানের সঙ্গে মাস কয়েক আগে বিয়ে হয় ওই থানার খুড়শি গ্রামের বাসিন্দা আসগর সরকারের মেয়ে আয়েশা সরকারের। কিন্তু প্রথম থেকেই এই বিয়ে মেনে নিতে নারাজ ছিলেন আয়েশার বাপের বাড়ির লোকেরা। আয়েশা বলেন, আমি সাবালিকা। স্বইচ্ছেয় বিয়ে করেছি। বিষয়টি নিয়ে বাপের বাড়ির লোকেরা থানায় অভিযোগ করেছিলেন। বিয়ে নিয়ে ওই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। তবে আদালতের দ্বারস্থ হয়েও আয়েশাকে ফিরিয়ে নিতে পারেনি তাঁর পরিবার। কারণ স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে যেতে রাজি হননি তিনি। আয়েশার স্বামী জসীমউদ্দিনের অভিযোগ, বিয়ে মানতে না পেরেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করছেন। সেই আক্রোশ থেকেই শুক্রবার অন্ধকারের সুযোগে তাঁর বাড়িতে গৃহবধূর বাপের বাড়ির ইন্ধনে দুষ্কৃতীরা বোমাবাজি করে ও গুলি চালায়। গোটা ঘটনার নেপথ্যে আয়েশার বাপের বাড়ির লোকজনই রয়েছেন বলে অভিযোগ তুলছেন ওই দম্পতি। এদিকে মেয়ের বাবা জানান, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন। বিয়ের বিষয়টি আমরা মন থেকে মানতে পারিনি ঠিকই। কিন্তু তাই বলে রাতের অন্ধকারে কাউকে পাঠিয়ে ওই সব কাজ করার মানসিকতা নেই।



