নয়াদিল্লি: ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগে ধরা পড়েছিল। ছ’মাস বন্দি ছিল তিহার জেলে। অভিযোগ, সেইসময় লাগাতার তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। বেধড়ক মারধর করা হয়। এমনকী বারবার আবেদন করা সত্ত্বেও তার কোনো চিকিৎসা করা হয়নি। ছাড়া পাওয়ার পর দেশে ফিরে এমনই দাবি করল মার্কিন ভাড়াটে সেনা ম্যাথু ভ্যানডাইক। এনিয়ে চর্চা তুঙ্গে। যদিও ভ্যানডাইকের যাবতীয় দাবি অস্বীকার করেছে তিহার জেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের তরফে আদালতে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজও জমা দেওয়া হয়েছে। সেখানে ভ্যানডাইককেই এক সশস্ত্র পুলিশ কনস্টেবলের উপর হামলা চালাতে দেখা গিয়েছে। সম্ভবত পালানোর চেষ্টা করছিল সে।
সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে ভ্যানডাইক দাবি করে, তিহার জেলে দিনের পর দিন তার উপর অত্যাচার করা হয়েছে। বুকে ঘুষি মারা হয়। অসুস্থ অবস্থায় ফেলে রাখা হয়েছিল। বারবার অনুরোধ সত্ত্বেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হয়েছিল। এনিয়ে মার্কিন দূতাবাসে হাতে লেখা একটি হলফনামা জমা দিয়েছে সে। ভ্যানডাইকের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলাকালীন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে তাকে ও ইউক্রেনের নাগরিকদের জেলবন্দি করা হয়েছিল। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ।
চলতি বছরের মার্চে অবৈধভাবে ঢুকে মিজোরাম ও মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ সহ নানা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় ভ্যানডাইককে। ধরা পড়ে ইউক্রেনের ছয় বাসিন্দাও। পরে হঠাৎ এনআইএ-র চার্জশিটে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া ইউএপিএ-র ধারা প্রত্যাহার করা হয়। সেপ্টেম্বরে ভ্যানডাইককে জামিনও দেওয়া হয়। সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতদের রহস্যজনকভাবে একের পর এক ছাড় দেওয়ার ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি।



