কঙ্কালীতলা মন্দির চত্বরে অনুমতি ছাড়াই হাট বসানোর অভিযোগ, সতীপীঠের পরিবেশ রক্ষায় পদক্ষেপের দাবি
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সতীপীঠের পবিত্রতা ও পরিবেশ রক্ষার দাবি উঠল কঙ্কালীতলা মন্দির চত্বরে। মন্দির সংলগ্ন এলাকায় কোনো অনুমতি ছাড়াই হাট বসানো হচ্ছে বলে অভিযোগ। সেখানে সোনাঝুরির আদলে দোকানপাটের পাশাপাশি চলছে নৃত্য পরিবেশনও। এতে মন্দিরের ধর্মীয় পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে সরব হয়েছেন মন্দির কমিটির সঙ্গে যুক্ত একাংশ। পুজো চলাকালীন হাট বসায় সমস্যায় পড়ছেন পুণ্যার্থী ও সেবাইতেরাও। যদিও বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ।

Advertisement

উল্লেখ্য, ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। কথিত আছে, এখানে সতীর কাঁখাল (কোমরের অংশ) পড়েছিল। সেই থেকেই এই স্থানের নাম কঙ্কালীতলা। সারা বছরই এই মন্দিরে দর্শনার্থীদের যাতায়াত লেগে থাকে। বিশেষ করে মঙ্গল ও শনিবার এবং বিভিন্ন বিশেষ তিথিতে পুণ্যার্থীদের ভিড় বাড়ে। বিগত তৃণমূল সরকারের আমল থেকেই মন্দির চত্বরে সোনাঝুরির আদলে হাট বসানো শুরু হয় বলে অভিযোগ। সেখানে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় সোনাঝুরির আদলে নৃত্য পরিবেশনেরও। মন্দির কমিটির একাংশের দাবি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে মন্দিরের নিজস্ব পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের মতে, ধর্মীয় স্থানের নিজস্ব কিছু নিয়ম ও শৃঙ্খলা থাকা প্রয়োজন।নাম প্রকাশে অনিচ্ছুক মন্দির কমিটির সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, এটি একটি সতীপীঠ। এটি সোনাঝুরির হাট নয়। তাই মন্দিরের একটি শৃঙ্খলা রয়েছে। যাঁরা হাটে বসছেন এমন অনেকের মন্দির চত্বরে দোকানও রয়েছে, ফলে তাঁরা দোকান না করে এখানে বসে ব্যবসা করছেন এবং মন্দিরের পরিবেশকে নষ্ট করছেন। আমরা চাই কঙ্কালীতলা মন্দির আগে যেমন ছিল তেমন হোক। অন্যদিকে, হাটে বসা ব্যবসায়ীদের দাবি, তাঁদের কারণে মন্দিরের কোনো সমস্যা হচ্ছে না। এক ব্যবসায়ী বলেন, আমরা সপ্তাহে তিন দিন এই হাট করে থাকি। এতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। যদিও এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, হাটটি কীভাবে বসছে আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখা হবে।
 কঙ্কালীতলা সতীপীঠ মন্দির চত্বরেই বসছে সোনাঝুরির আদলে হাট।-নিজস্ব চিত্র