Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেসরকারি হাসপাতালে রোগীর হাত থেকে সোনার চুড়ি চুরির অভিযোগ!

অসুস্থতার সুযোগে ভর্তি থাকা রোগীর হাত থেকে চুরি গেল সোনার চুড়ি!

বেসরকারি হাসপাতালে রোগীর হাত থেকে সোনার চুড়ি চুরির অভিযোগ!
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অসুস্থতার সুযোগে ভর্তি থাকা রোগীর হাত থেকে চুরি গেল সোনার চুড়ি! সল্টলেকের একটি নামী বেসরকারি হাসপাতালের এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। রোগীর পরিবারের পক্ষ থেকে সোমবার এ ব্যাপারে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ সঠিকভাবে দেখাচ্ছে না। কখনও স্ক্রিনশট, কখনও যে হাতের চুড়ি চুরি হয়েছে, ফুটেজে সেই হাত না দেখিয়ে অন্য হাতের ফুটেজ দেখানো হয়েছে! ভর্তির পর থেকে আসল ফুটেজ খতিয়ে দেখার জন্য পুলিসের কাছে দাবি তোলা হয়েছে। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, লিভারের অসুখের জেরে ১২ আগস্ট বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই মহিলা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাঁকে ১৩ আগস্ট রক্ত দেওয়া হয়। ১৪ আগস্ট সকালে ওই রোগীর জ্ঞান ফেরার পর লক্ষ করেন, তাঁর ডান হাতের একটি সোনার চুড়ি নেই! বিষয়টি নিয়ে মহিলার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তাঁর স্বামীর দাবি, ১৫ আগস্ট তাঁকে একটি স্ক্রিনশট দেখানো হয়, সেখানে মহিলার ডান হাতে দু’টি চুড়ি এবং বাঁ হাতে তিনটি চুড়ি ছিল। অভিযোগ, ভর্তির পর একটি ফুটেজ দেখানো হয়। সেখানে বাঁ হাত দেখা যাচ্ছিল। কিন্তু, ডান হাতের ফুটেজ দেখানো হয়নি!
১৬ আগস্ট ওই মহিলা হাসপাতাল থেকে ছাড়া পান। ১৭ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি বৈঠকও ডাকে। সেখানে সকলে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদেরও ডাকা হয়েছিল। মহিলার স্বামীর অভিযোগ, সেখানে যে ফুটেজ দেখানো হয়, তাতে ডান হাতে দু’টি সোনার চুড়ি এবং বাঁ হাতে একটি পলা রয়েছে। পরিবারের দাবি, মহিলার হাতে তিনটি সোনার চুড়ি এবং দু’টি পলা ছিল। ফুটেজ সঠিক নয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভর্তির দিন বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত সিসি ক্যামেরার আসল ফুটেজ দেখা গেলেই আসল বিষয়টি সামনে আসবে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ