সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের পদ্মপুকুর বাইপাসে একটি নামী রেস্তরাঁয় পচা মাংস পরিবেশনের অভিযোগ উঠল। সেই মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ে দশ বছরের এক বালক। তার পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মালিককে।
সোনারপুর থানার কোদালিয়ার বাসিন্দা অনিরুদ্ধ ভট্টাচার্য তাঁর স্ত্রীর জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে এসেছিলেন বারুইপুর পদ্মপুকুর বাইপাসে একটি নামী রেস্তরাঁয়। সঙ্গে ছিল তাঁর দশ বছরের ছেলে। অনিরুদ্ধবাবু বলেন, রেস্তরাঁয় তাঁরা চিলি চিকেন-সহ একাধিক খাবার অর্ডার করেছিলেন। আর সেই চিলি চিকেনেই পচা মাংস পরিবেশন করা হয়েছিল। সেই খাবার খেয়ে রেস্তরাঁর ভিতরেই অসুস্থ হয়ে পড়ে আমার ছেলে। বমি করতে থাকে সে। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। এই ঘটনার পরে রাতেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিরুদ্ধবাবু।
তিনি বলেন, আজ আমার ছেলে খাবার খেয়ে অসুস্থ হয়েছে। এটা যে কোনো দিন অন্য যে কোনো লোকের সঙ্গে ঘটতে পারে। কেন এমন পচা মাংস দেওয়া হবে? রেস্তরাঁয় এই নিয়ে জানালেও কাজ হয়নি। অন্যদিকে, বিষয়টি নিয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। উল্টে রেস্তরাঁটির ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।