নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: এক ছাত্রীকে শ্রেণিকক্ষে তালা বন্ধ করে রাখার অভিযোগ উঠল। গত শনিবার ভীমপুর থানার অন্তর্গত নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলের দিকে বিদ্যালয় পরিদর্শকের কাছে স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা। জানা গিয়েছে, শনিবার ওই স্কুলের শিক্ষকরা দুটোর আগেই স্কুল বন্ধ করে চলে যান। সেইসময় অঙ্কিতা মণ্ডল নামে এক ছাত্রী শ্রেণিকক্ষের ভিতরেই ছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে ওই অবস্থাতেই তালা বন্ধ করে দিয়ে চলে যান। শেষ পর্যন্ত প্রতিবেশীদের সহযোগিতায় অঙ্কিতাকে স্কুল থেকে উদ্ধার করা হয়। সোমবার এই বিষয়ে কৃষ্ণনগর সদর ৪ নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানান অভিভাবক ও গ্রামের বাসিন্দারা। এদিন দুপুরের দিকে বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করতে আসেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে অভিযোগ জানানো হয়। তারপর প্রশাসনের তরফ থেকে সকলকে নিয়ে স্কুলে যাওয়া হয়। সেখানে স্কুল পরিদর্শকের উপস্থিতিতেই অভিভাবক এবং প্রধান শিক্ষকের মুখোমুখি কথা হয়।



