Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ
  • ৭ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জীবিত ব্যক্তি ভোটার তালিকায় হয়ে গেল ‘মৃত’! ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করতে গিয়ে হরিহরপাড়ায় ধরা পড়ল এই চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, হরিহরপাড়া থানার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রদীপডাঙা-১ সংসদের বাসিন্দা রফিকুল। মাস তিনেক আগে কাজের জন্য পাড়ি দেন হায়দারাবাদে। নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কাজ করছেন তিনি। কিন্তু সম্প্রতি ভোটার তালিকা স্ক্রুটিনি করতেই পরিবারের চোখ কপালে ওঠে। দেখা যায়, রফিকুল বহাল তবিয়তে থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাঁকে ‘মৃত’ হিসেবে দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। রফিকুল শেখের পরিবারের সদস্যরা বলেন, এই ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি! হঠাৎ দেখি ভোটার তালিকায় রফিকুলের নামই নেই, তাঁকে মৃত দেখানো হয়েছে! এটা কীভাবে সম্ভব? বিষয়টি জানাজানি হতেই বৃস্পতিবার হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। ভোটার তালিকায় কীভাবে এমন ভুল হল, তা খতিয়ে দেখে পুনরায় ভোটার তালিকায় রফিকুল শেখের নাম অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা নেবেন তিনি। 

Advertisement

নিয়ামত সাহেব বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। একজন জীবিত ব্যক্তি কীভাবে ভোটার তালিকা থেকে ‘মৃত’ হিসেবে বাদ যায়? আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং তাঁর নাম পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। ভোটার তালিকায় কীভাবে এমন ভুল হল, তা খতিয়ে দেখছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ব্লক প্রশাসনের গাফিলতির কারণেই কি এমন ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নিঃসন্দেহে একটি গুরুতর প্রশাসনিক ত্রুটি। এটা শুধুই অবহেলা, নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে, সেটাই এখন বড় প্রশ্ন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন সদর মহকুমার এক প্রশাসনিক আধিকারিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ