নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জোর করে ঘরে ঢুকে এক বধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ২১ নম্বর ওয়ার্ডে। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তবে শনিবার রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। জানা গিয়েছে, শুক্রবার রাতে নির্যাতিতা তাঁর জামাইবাবুর বাড়িতে ছিলেন। দিনের শেষ ট্রেনে মহিলার স্বামী বাড়ি ফেরেন। তারপর জামাইবাবু ও তাঁর স্ত্রী অন্য বাড়িতে চলে যান। খাওয়াদাওয়া সেরে স্বামীকে নিয়ে শুয়ে পড়েছিলেন নির্যাতিতা। অভিযোগ, আচমকা পাঁচজন যুবক জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। বধূর স্বামীকে মারধর করে বাইরে নিয়ে যায়। সুভাষগ্রাম স্টেশনে ফেলে দিয়ে আসা হয় তাঁকে। এরপরই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। শনিবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার আগের দিন অন্য এক পাড়ায় গিয়ে অভিযুক্তরা এক ব্যক্তিকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে।



