সংবাদদাতা, নবদ্বীপ: আন্তর্জাতিক নারী দিবসে নদী বাঁচাও অভিযানকে সামনে রেখে মহিলাদের ‘সর্বনারী কায়াকিং অভিযান’ শেষ হল নবদ্বীপে। শনিবার বিকালে নবদ্বীপ কর্মমন্দির মাঠ সংলগ্ন দেয়ারাপাড়া ঘাটে এসে এই অভিযান শেষ হয়। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের (আইএমএফ) পূর্বাঞ্চল শাখা এবং নবদ্বীপ অল্টিটিউড ডট ইনের যৌথ আয়োজনে এই অভিযান শেষ হল নবদ্বীপে। গত ৪ মার্চ মুর্শিদাবাদের গঙ্গায় হাজারদুয়ারি ঘাট থেকে কায়াকিং শুরু হয়। ৮ মার্চ বিকালে নবদ্বীপ কর্মমন্দির মাঠ সংলগ্ন দেয়ারপাড়া নদী তীরে এসে শেষ হয়। এই কায়াকিং অভিযানে ছিলেন ১৬ জন মহিলা অভিযাত্রী ও দুজন অভিজ্ঞ রিভার কায়াকিং গাইড। যাঁদের ঝুলিতে রয়েছে কলকাতা থেকে আন্দামান পালতোলা নৌকায় পাড়ি দেওয়ার অভিজ্ঞতা। গঙ্গাকে দূষণমুক্ত রাখতে কেউ যেন নোংরা আবর্জনা না ফেলেন। মূলত গঙ্গা দূষণ রোধে নদী বক্ষে এই সচেতনতার বার্তা দেওয়া হয়। নবদ্বীপ পর্বত অভিযান ক্লাব অল্টিটিউড ডট ইনের সভাপতি হিমাংশু সাহা বলেন, আইএমএফ ইস্ট জোন আমাদের সংস্থার উপর আস্থা রেখেছে। সেজন্য আমরা আইএমএফকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান করার জন্য নবদ্বীপ পুরসভাও সহযোগিতা করেছে। আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি সাফল্যের সঙ্গে করতে পারব।



