সংবাদদাতা, রামপুরহাট: রামনবমী ঘিরে রাজনৈতিক ফায়দা তুলতে এবার আসরে নামল কংগ্রেসও। শুক্রবার রামপুরহাটে রামনবমীর আগাম শুভেচ্ছা জানিয়ে দেওয়াল লিখন করল তারা। ইতিমধ্যে বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে রামনবমীর দিন রামের প্রতিকৃতি নিয়ে শহরজুড়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সিপিএমের পক্ষ থেকেও কৌশল অবলম্বন করে সম্প্রীতির বার্তা দিতে এদিন সন্ধ্যা থেকে ছোট ছোট পথসভার আয়োজন করেছে তাঁরা। সব মিলিয়ে ২৬-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে ‘রাম’ এর নামে রামপুরহাটের মানুষকে পাশে পেতে মরিয়া ডান-বাম সবপক্ষই।
বেশ কয়েকবছর ধরে রামনবমীর দিন সর্বত্র শোভাযাত্রা করে আসছে বিজেপি ও সঙ্ঘ পরিবার। গতবছর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করে বির্তকে জড়িয়ে ছিল গেরুয়া শিবির। বিধানসভা ভোটের আগে রামনবমীকে হাতিয়ার করে বিজেপি যাতে বাড়তি ফায়দা তুলতে না পারে, সেজন্য এবার আগে থেকে রামনবমী পালনের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। ওইদিন কর্মী-সমর্থকদের নিয়ে শহরে র্যালি করবে তারা। রামনবমী নিয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে কৌশল নিয়েছে সিপিএমও। দু’দিন আগে থেকেই শহরজুড়ে সম্প্রীতির সভা শুরু করেছে তাঁরা। দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ বলেন, দু’পক্ষের টানা হ্যাঁচড়ায় যাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত না হয়ে ওঠে সেটা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।
রাজ্যের শাসক ও অন্যান্য দলগুলি যখন রামকে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া, তখন কংগ্রেসই বা কেন পিছিয়ে থাকে! তাই এদিন কংগ্রেসের ১৪ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে রামের ছবি সহ একাধিক দেওয়াল লিখন করা হল। এব্যাপারে দলের শহর সভাপতি সাহাজাদা হোসেন কিনু বলেন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানেই ওয়ার্ডের পক্ষ থেকে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো হয়। রাজ্য ও কেন্দ্রের ক্ষমতাসীন দল রামকে নিয়ে রাজনীতির খেলায় নেমেছে। আমরা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী নই। তাই আমরা রামকে নিয়ে মিছিল বা অস্ত্র মিছিল কোনওটাই করব না। কিন্তু শহরবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানাতে বাধা কোথায়। এদিকে রামনবমী ঘিরে কোনওরকম অশান্তি রুখতে তৎপর পুলিস। বিশেষ করে অস্ত্র হাতে মিছিল দেখলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিস।
জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, রামনবমী নিয়ে অনেক জায়গায় মিটিং হয়েছে বা হচ্ছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, অস্ত্র হাতে মিছিলের কোনও অনুমতি নেই। রুটের অনুমতি নেওয়ার সময়ও লিখিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে।