নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একই স্কুলের চারজন শিক্ষিকাকে এসআইআর-এর কাজে নিয়োগ করায় পঠনপাঠন শিকেয় উঠেছে। ঘটনাটি ঘটেছে বারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বারাকপুর নগর বিদ্যাপীঠ স্কুলে। সেখানে চারজন শিক্ষিকার মধ্যে তিনজনকে আগেই এসআইআর-এর কাজে নিয়োগ করা হয়েছিল। সোমবার বিকেলে সর্বশেষ শিক্ষিকাকেও এসআইআর-এ ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়। চরম সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা কৃষ্ণা সরকার বিষয়টি স্থানীয় কাউন্সিলার স্বপন ভট্টাচার্যকে জানান। তিনি বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, বিধায়ক রাজ চক্রবর্তী এবং দলের টাউন সভাপতি সম্রাট তপাদারকে জানান। তৃণমূলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন। প্রধান শিক্ষিকা কৃষ্ণা সরকার তাঁদের বলেন, তিনজনকে আগেই বিএলও ডিউটিতে নিয়োগ করা হয়েছিল। বাকি ছিলেন একজন। তাঁকেও সোমবার কমিশনের কাজে নেওয়া হয়েছে। স্কুল চলবে কী করে। বিএলও’র কাজের মধ্য দিয়েও চেষ্টা করি স্কুলে এসে স্কুলটিকে চালু রাখতে। নির্বাচন কমিশনের কাজের মধ্যেও স্কুল চালু রাখতে চেষ্টা করছি।



