নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অল্প বৃষ্টিতেই জল জমে। দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকে। আলিপুর এলাকার দীর্ঘদিনের এই সমস্যা এবার মিটতে চলেছে। রাজা সন্তোষ রোডে শুরু হয়েছে নতুন নিকাশি পাইপলাইন বসানোর কাজ। এর ফলে জমা জলের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে দাবি পুরকর্তাদের।
আলিপুর অঞ্চলে রয়েছে একাধিক অভিজাত আবাসন এবং বাংলো। বহু উচ্চবিত্ত পরিবারের বসবাস। অভিযোগ, এলাকার কিছু কিছু রাস্তায় একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়। আলিপুর পার্ক রোড, আলিপুর অ্যাভিনিউ, পার্ক প্লেসের ভূগর্ভস্থ নিকাশি বেশি জল নামাতে সক্ষম নয়। পাশাপাশি, রাজা সন্তোষ রোডে পুরনো ছোট নিকাশিনালার ফলে রাস্তায় জল জমে। তাই আরও একটি পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা ৯ নম্বর বরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস বলেন, ‘এটা বহুকালের সমস্যা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অবশেষে সমস্যা মিটতে চলেছে। বর্ষার আগেই এই কাজ শেষ করে ফেলা হবে। চলতি বছরের বর্ষায় আর ভুগতে হবে না এলাকার বাসিন্দাদের।’ কলকাতা পুরসভার নিকাশি বিভাগ সূত্রে খবর, রাজা সন্তোষ রোডের সঙ্গে আলিপুর পার্ক প্লেস, আলিপুর পার্ক রোডকে যুক্ত করে এই নিকাশি বোট ক্যানেলে গিয়ে পড়বে। পুরনো পাইপলাইনটি বেশি বৃষ্টিতে পুরোপুরি কাজ করতে পারে না। তাই নতুন বসানো হচ্ছে। পাশাপাশি পুরনো পাইপলাইনও থাকবে। সব মিলিয়ে জল নামবে অনেক দ্রুত। এদিকে, জাজেস কোর্ট রোড ধরে আসা নয়া নিকাশি পাইপলাইনটি আলিপুর রোডের ক্রসিংয়ে লালবাতির মোড়ে ভূগর্ভস্থ নিকাশির যুক্ত করার কাজ শেষ হয়েছে। গোপালনগর রোডের ভূগর্ভস্থ নিকাশিনালার একাংশেও নতুন পাইপলাইন বসানো হয়েছে।