সংবাদদাতা, আলিপুরদুয়ার: অনেক স্বেচ্ছাসেবী সংগঠন পুরনো বাতিল জামাকাপড় চা বাগানের গরিব শিশুদের মধ্যে বিলি করে। এবার আলিপুরদুয়ার পুরসভাও বাড়ি বাড়ি থেকে পুরনো বাতিল জামা কাপড় সংগ্রহ করে শহরের পথশিশু, গরিব মানুষের মধ্যে বিলি করবে।
সংবাদদাতা, আলিপুরদুয়ার: অনেক স্বেচ্ছাসেবী সংগঠন পুরনো বাতিল জামাকাপড় চা বাগানের গরিব শিশুদের মধ্যে বিলি করে। এবার আলিপুরদুয়ার পুরসভাও বাড়ি বাড়ি থেকে পুরনো বাতিল জামা কাপড় সংগ্রহ করে শহরের পথশিশু, গরিব মানুষের মধ্যে বিলি করবে।
পুরসভা বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করে। সেই ধাঁচেই এবার বাড়ি বাড়ি থেকে বাসিন্দাদের বাতিল জামাকাপড় সংগ্রহ করবে আলিপুরদুয়ার পুরসভা। সংগৃহীত সেই পোশাক ধুয়ে আয়রন করে এক জায়গায় রাখা হবে। পরবর্তীতে পুরকর্মীরা ওসব শহরের পথশিশু বা দুঃস্থ মানুষের মধ্যে বিলি করবেন।
কীভাবে, কবে থেকে জামাকাপড় সংগ্রহ অভিযান শুরু করা হবে তা এখনও ঠিক হয়নি। তবে খুব শীঘ্রই এই অভিযান শুরু হচ্ছে পুরসভার ২০টি ওয়ার্ডে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, আমরা একটি অভিনব উদ্যোগ নিতে যাচ্ছি। শহরের ২০টি ওয়ার্ড থেকে আমরা বর্জ্য সংগ্রহ করি। এবার সেই বাড়িগুলি থেকেই চাওয়া হবে তাঁদের কাছে থাকা বাতিল পোশাক। ওসব নিয়ে এসে ধোপাবাড়িতে দিয়ে ধুয়ে আয়রন করে রাখব। পরবর্তীতে শহরের দুঃস্থদের মধ্যে তা বিলি করব। তবে কবে থেকে এই কাজ শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই এই কর্মসূচি শুরু করব।
শহরের ওয়াকিবহাল মহল পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এমনকী পুরসভার বিরোধীরাও তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, এটা ভালো উদ্যোগ। তবে বাতিল হওয়া সেই জামাকাপড় যাতে ছেঁড়া না হয় পুরসভাকে সেটাও দেখতে হবে।