Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিগড় মুসলিম বিদ্যালয়ের উপাচার্যকে চিঠি ৫ সাংসদের

আলিগড় মুসলিম বিদ্যালয়ের উপাচার্যকে চিঠি ৫ সাংসদের
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সূতির আহিরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিলেন পাঁচ তৃণমূল সাংসদ। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন জঙ্গিপুরের খলিলুর রহমান, মুর্শিদাবাদের আবু তাহের খান, বোলপুরের অসিতকুমার মাল, আরামবাগের মিতালি বাগ ও সামিরুল ইসলাম। তাঁরা উপাচার্যের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি জানিয়েছেন। 
Advertisement
তৃণমূল সাংসদদের দাবি, আহিরণের এই ক্যাম্পাসের অধিকাংশ ভবন অস্থায়ী। ছাদ টিনের।। গ্রীষ্মকালে টিনের শেডগুলি তপ্ত হয়ে ওঠে। তখন ক্লাস করার জন্য খুব অনুপযুক্ত হয়ে পড়ে। সে এক অসহনীয় পরিবেশ তৈরি হয়। তাই, যত দ্রুত সম্ভব ভবনের ছাদ নির্মাণ করতে হবে। যাতে অ্যকাডেমিক ক্লাসগুলি সুষ্ঠুভাবে চলতে পারে। পাশাপশি, ছাত্রছাত্রীরা অস্থায়ী হস্টেলের কক্ষে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। নতুন হস্টেল নির্মাণের কাজ শেষ হলেও অফিসের কর্মচারী ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে এগুলি চালু করা যায়নি। ছেলেদের হস্টেল এবং মেয়েদের হস্টেল উভয়ই খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে।  
ক্যাম্পাসের ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে জানা গিয়েছে, এই ক্যাম্পাসের জন্য বার্ষিক বাজেট ৪০ লক্ষ টাকা। সুষ্ঠুভাবে ক্যাম্পাস পরিচালনা করার ক্ষেত্রে এই বরাদ্দ যথেষ্ট কম বলে মনে করছেন সাংসদরা। এই তহবিল বাড়ানো জরুরি বলে তাঁরা দাবি তুলেছেন। মুর্শিদাবাদের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিককে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের জন্যও অনুরোধ  করেছেন তৃণমূল সাংসদরা। যাতে তিনি অ্যাকাডেমিক ও প্রশাসনিক  ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারেন।
জানা গিয়েছে, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে এমবিএ, বিএএলএলবি এবং বিএড কোর্সে ভর্তি নেওয়া হয়। এরই পাশাপাশি এবার থেকে বিএ, বিএসসি ও বি টেক কোর্স চালু করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা। এই ক্যাম্পাসে স্থানীয় শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কারণ, স্থানীয় পড়ুয়ারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেন না। তাই, পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য সহানুভূতির সঙ্গে সংরক্ষণ ব্যবস্থা চালু করা যায় কিনা, তা ভেবে দেখতে বলেছেন সাংসদরা।  
গত মাসে অহিরণের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিদর্শনে যান জঙ্গিপুরের সাংসদ। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মাহবুবুর রহমান সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একাধিক সমস্যার কথা জানেন। এদিন সেইসব সমস্যা লিখিত আকারে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে জানিয়েছেন তিনি। খলিলুর সাহেব বলেন, ‘আমরা চাই মুর্শিদাবাদ জেলায় এই বিশ্ববিদ্যালয় সার্বিক উন্নতি হোক। সেজন্য আমরা পাঁচজন সংসদ যৌথভাবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছি। আমাদের যে সমস্ত দাবি রয়েছে তা নিয়ে বিস্তারিত জানিয়েছি। আমরা আশাবাদী, মুর্শিদাবাদ জেলার আহিরণ ক্যাম্পাস আগামী কয়েক বছরের মধ্যে খুব সুন্দর হয়ে উঠবে এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এই বিশ্ববিদ্যালয় পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। 
সম্পর্কিত সংবাদ