Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুচাষে জেলায় এবার যন্ত্রের ব্যাপক ব্যবহার, কৃষি খরচ কমায় খুশি চাষিরা

আলুচাষে জেলায় এবার যন্ত্রের ব্যাপক ব্যবহার, কৃষি খরচ কমায় খুশি চাষিরা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: আলুচাষে এবার মুর্শিদাবাদের চাষিরা ব্যাপক যন্ত্রের ব্যবহার শুরু করেছে। যন্ত্রের ব্যবহারে একদিকে যেমন শ্রমিকের আকাল মিটছে, পাশাপাশি হাতে টানা লাঙল ব্যবহার করে চাষিরা আলুচাষে শ্রমিকের খরচা অর্ধেকের নীচে নামিয়ে এনেছেন। যন্ত্রের ব্যবহারে সুবিধা ও খরচা সাশ্রয় হওয়ায় দেদার বিকোচ্ছে হাতে টানা লাঙল। এক ধরনের লাঙল দিয়ে আলুর জমির লাইন টানা হচ্ছে। অপর এক প্রকার যন্ত্রের সাহায্যে আলুর সারির মাটি তোলা হচ্ছে। গাছ বার হলে নিড়েন ও রাসায়নিক সার দেওয়ার সময়ও যন্ত্রের ব্যবহার করছেন চাষিরা। চাষিদের দাবি, আলুচাষে মাটি তোলার জন্য হাতে টানা লাঙন ব্যবহার করায় অর্ধেকেরও বেশি মজুরি সাশ্রয় হচ্ছে।
Advertisement
এবার একসঙ্গে আলুচাষ শুরু হওয়ায় প্রতিটি এলাকাতেই শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। পাশাপাশি চাহিদা অনুপাতে শ্রমিক না মেলায় দৈনিক মজুরিও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উভয় সঙ্কটের প্রকোপে চরম বিপাকে পড়েছেন চাষিরা। বিকল্প হিসাবে বাজারে এসেছে আধুনিক যন্ত্র। 
আলু বসানোর আগে জমিতে সোজা দাগ টানতে হয়। সেই দাগের উপর নির্দিষ্ট ব্যবধানে আলু বসিয়ে মাটি চাপা দিতে হয়। এতদিন চাষিরা বাঁশের ডগা বা লোহার তৈরি আঁকশি দিয়েই দাগ টানতেন। তাতে সময় বেশি লাগায় শ্রমিকও বেশি লাগত। এখন দাগ টানার জন্য বাজারে এসেছে আধুনিক যন্ত্র। সেটি দিয়ে একসঙ্গে তিনটি সারির লাইন টানা সম্ভব হচ্ছে। এর আগে চাষিরা কোদাল দিয়ে আলুর সারির মাটি তুললেন। তাতে বিঘা প্রতি চার থেকে পাঁচজন শ্রমিক লাগত। যন্ত্রের ব্যবহারে মাত্র দু’জন শ্রমিক এক বিঘা জমির মাটি তুলতে পারছেন। 
পাঁচথুপির আলু চাষি সাধন ঘোষ বলেন, চাষের খরচা বছর বছর বাড়ছে। চাষের আধুনিক সরঞ্জাম আসায় শ্রমিক সঙ্কুলান হচ্ছে, খরচাও কম হচ্ছে। চাষিদের যন্ত্রের ব্যবহারে কৃষিদপ্তরকে আরও আগ্রহ দেখাতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কৃষিকাজে আরও উন্নতি আসবে।
যন্ত্রের ব্যবহার গত বছরই অল্পমাত্রায় শুরু হয়েছিল। সুফল মেলায় এবার ব্যাপক হারে যন্ত্রের ব্যবহার শুরু করেছেন চাষিরা। আলুচাষের জন্য আধুনিক সরঞ্জামের চাহিদাও বেড়েছে। দাগ টানার জন্য হাতে টানা ত্রিফলা লাঙল বিক্রি হচ্ছে ১৬৫০-১৮০০ টাকা দামে। মাটি তোলার জন্য ব্যবহৃত লাঙলের দাম ২৪০০-২৫৫০ টাকা। মাটি তুলতে একজন বা দু’জন শ্রমিক লাগে। স্থানীয়ভাবে তৈরি লাঙল ১৫০-২০০ টাকা কম দামে মিলছে। 
সম্পর্কিত সংবাদ