নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ‘আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব’ নিয়ে আলোচনা চক্র বসতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এনবিইউয়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের অধিকর্তা তথা বাংলা বিভাগের প্রধান ডঃ মঞ্জুলা বেরার উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করা হচ্ছে। ১৮ এবং ১৯ ডিসেম্বর দুদিন, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লোকাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্সের ঘরে সভাটি চলবে।
Advertisement
আঞ্চলিক ভাষার রয়েছে নিজস্ব পরিচিতি, মিষ্টতা। অথচ, বিশ্বায়ন তা গ্রাস করতে বসেছে। অনেক আঞ্চলিক ভাষাই আজ বিলুপ্ত হওয়ার মুখে। অথচ, বিশ্বায়নের সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষা-সংস্কৃতি, দুটিরই নিজ নিজ পরিচিতি রয়েছে। দুটিকে সমানভাবে জানার এবং বোঝার প্রয়োজন রয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে আঞ্চলিক ভাষাকে টিকে থাকতে কতটা লড়াই করতে হচ্ছে, সেই সব বিষয়ই আলোচনা চক্রে উঠে আসবে।



