Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সিনারকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট আলকারাজের

ফ্ল্যাশিং মিডোয় আলকারাজ ঝড়। আর তাতেই খড়কুটোর মতো উড়ে গেলেন জানিক সিনার। এই মুহূর্তে বিশ্বের সেরা দুই তারকার খেতাবি লড়াইয়ে যবনিকা নামল ২ ঘণ্টা ৪২ মিনিটে

সিনারকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট আলকারাজের
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ফ্ল্যাশিং মিডোয় আলকারাজ ঝড়। আর তাতেই খড়কুটোর মতো উড়ে গেলেন জানিক সিনার। এই মুহূর্তে বিশ্বের সেরা দুই তারকার খেতাবি লড়াইয়ে যবনিকা নামল ২ ঘণ্টা ৪২ মিনিটে। চার সেটের লড়াইয়ে শীর্ষ বাছাই ইতালিয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ম্যাচের ফল ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। দ্বিতীয়বারের জন্য ইউএস ওপেন জিতে আবেগের জোয়ারে ভাসলেন স্প্যানিশ তারকা। এই জয়ের সুবাদে বিশ্ব র‌্যাঙ্কিংয়েও শ্রেষ্ঠত্বের সিংহাসনও এখন তাঁর দখলে! সেটাও ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম। সবমিলিয়ে আলকারাজের ক্যাবিনেটে এখন ৬টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। অর্থাৎ সিনারের (৪) চেয়ে দু’টি বেশি।

Advertisement

আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহাম্যাচের আগে আচমকা শোরগোল— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেলা দেখতে আসছেন। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় স্টেডিয়াম চত্বর। রীতিমতো চিরুনি তল্লাশি করে মাঠে ঢোকানো হয় ৩৫ হাজার দর্শককে। সেজন্য গ্যালারির বিদ্রুপও হজম করতে হল ট্রাম্পকে। তাঁর সদর্প আগমনের জেরে নির্ধারিত সময়ের চেয়ে আধঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। আর তাতেই যেন তাল কাটে খেতাবি লড়াইয়ে। চুপসে গেল দুই শীর্ষ বাছাই খেলোয়াড়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা। শুরু থেকেই একচ্ছত্র দাপটে খেতাব নিশ্চিত করলেন আলকারাজ। বিশ্বাসই হচ্ছিল না যে, উল্টোদিকের প্লেয়ারটির নাম জানিক সিনার, যিনি এবছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন। শুধু তাই নয়, এই ম্যাচে নামার আগে পর্যন্ত তাঁর মুকুটে শোভা পাচ্ছিল বিশ্বের এক নম্বরের পালক। সেই সিনারই পারলেন না আলকারাজের তীব্র আগ্রাসন সামাল দিতে। সার্ভিস, রিটার্ন, নেট প্লে— সব বিভাগেই যন্ত্রের মতো নির্ভুল দেখাল ২৩ বছরের স্প্যানিয়ার্ডকে। প্রতিদ্বন্দ্বী সিনারের ২১টির বিপরীতে তাঁর ৪২টি উইনারেই লুকিয়ে ম্যাচের নির্যাস।
ম্যাচ শেষে আলকারাজের কণ্ঠে পরম তৃপ্তির সুর, ‘ইউএস ওপেনে সেরার মুকুট উদ্ধার করতে পেরে সত্যিই আমি আপ্লুত। তবে সেটা এতো মসৃণ হবে ভাবিনি।’ তবুও প্রশংসায় ভাসালেন প্রতিদ্বন্দ্বী সিনারকে। তাঁর কথায়, ‘আমার কাছে পরিবারের থেকেও তুমি বেশি কাছের। তোমার সঙ্গে কোর্ট ও লকার রুম শেয়ার করাটা দারুণ আনন্দের। তোমাকে দেখে অনেক কিছু শিখেছি। তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আমাকে আরও ভালো টেনিস খেলোয়াড় হতে সাহায্য করেছে।’ সিনার স্বীকার করে নিলেন, এই ম্যাচে যোগ্য হিসেবেই জিতেছেন আলকারাজ। ইতালিয়ান তারকা বললেন, ‘তোমাকে অনেক শুভেচ্ছা। আজ তুমি আমার থেকে ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছ।’
চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের দু’টি জিতলেন আলকারাজ (ফরাসি ওপেন ও ইউএস ওপেন)। বাকি দু’টিতে চ্যাম্পিয়ন সিনার (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন)। পুরুষদের সিঙ্গলসে শেষ ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১০টি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন দুই তারকা। আলকারাজ ছ’টি, সিনার চারটি। কিন্তু সেই লড়াই দেখা গেল না ইউএস ওপেনের ফাইনালে।

Advertisement
সম্পর্কিত সংবাদ