Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিনারের আগ্রাসন থামিয়ে খেতাবরক্ষা আলকারাজের

সিনারের বেসলাইন শট ফোরহ্যান্ডে ফিরিয়েই মাটিয়ে শুয়ে পড়লেন আলকারাজ। শূন্যে দু’হাত তুলে বুঝিয়ে দিলেন, লাল সুরকির কোর্টে তিনিই রাজা।

সিনারের আগ্রাসন থামিয়ে খেতাবরক্ষা আলকারাজের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: সিনারের বেসলাইন শট ফোরহ্যান্ডে ফিরিয়েই মাটিয়ে শুয়ে পড়লেন আলকারাজ। শূন্যে দু’হাত তুলে বুঝিয়ে দিলেন, লাল সুরকির কোর্টে তিনিই রাজা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জানিক সিনারকে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন জিতলেন স্প্যানিশ তারকা। সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন ম্যাচ শেষে আলকারাজের পক্ষে খেলার ফল ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২)। শীর্ষ বাছাই সিনারের দৃষ্টি তখন ঝাপসা। গত মাসে ইতালিয়ান ওপেনের ফাইনালে হারের গ্লানির সঙ্গে যে যুক্ত হল ফ্রেঞ্চ ওপেনের পরাজয়ও।    

Advertisement

রাফায়েল নাদাল পরবর্তী যুগে টেনিস কোর্টে স্পেনের সবচেয়ে বড় তারকা আলকারাজ। সিনার বুনো ওল হলে আলকারাজও বাঘা তেঁতুল। কিন্তু তাঁর থেকে খেতাব ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বের এক নম্বর ইতালিয়ান শুরু করলেন চ্যাম্পিয়নের মতোই। প্রথম সেটের ফল ৬-৪। এক ঘণ্টার সামান্য বেশি সময়ে সেট পকেটে পোরেন সিনার। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও সমতা ফেরাতে ব্যর্থ দ্বিতীয় বাছাই আলকারাজ। টাই-ব্রেকারে ব্যবধান দাঁড়ায় ৭-৬। টানা দু’টি সেট ছিনিয়ে নিয়ে সিনার তখন মানসিকভাবে অনেকটাই চাঙ্গা। 
গোটা টুর্নামেন্টে একটি সেটও খোয়াননি তিনি। গতবারের চ্যাম্পিয়ন আলকারাজের অহংবোধে ধাক্কা দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল। চাপের মুখে হাল ছাড়ার পাত্র নন স্প্যানিশ এই তারকা। এরপর তৃতীয় সেটে দেখা গেল অন্য আলকারাজকে। তাঁর আগ্রাসী টেনিসের সামনে সিনার তখন কিছুটা ব্যাকফুটে। প্রতিটা পয়েন্ট জেতার পর হাত ঝাঁকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন আলকারাজ। কিন্তু সিনারও যে বিশ্বের এক নম্বর তারকা! আলকারাজের সার্ভিস ব্রেক করে ম্যাচ জমিয়ে দিলেন তিনি। তবে সেটরক্ষা হয়নি। পাল্টা সার্ভিক ব্রেক করে ৬-৪ এ সেট দখল করেন আলকারাজ। একই সঙ্গে লাইফলাইনও জোগাড় করে নেন।
লড়াই আরও জমল চতুর্থ সেট থেকে। প্রথমবার পয়েন্ট ছিনিয়ে নেওয়া আলকারাজ তখন রক্তের স্বাদ পাওয়া সিংহ। রোলাঁ গারোর বর্গক্ষেত্র কোর্টের প্রতি ইঞ্চি তাঁর মাপা। কখনও ২৩ শটের র‌্যালি আবার কখনও এস সার্ভ। সবেতেই সিনারকে টেক্কা দিলেন স্প্যানিশ তারকা। এমনকী গেম পয়েন্টর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ইতালির শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে ব্রেক পয়েন্ট ছিনিয়ে ম্যাচে ফিরলেন তিনি। সেটের মীমাংসা হল টাই-ব্রেকারে। ৭-৬ (৭-৩) ব্যবধানে জিতলেন আলকারাজ। শেষ সেটে ম্যাচ দুলল পেন্ডুলামের মতো। লাল সুরকির কোর্টে তখন টেনিস শিল্পের সর্বোচ্চ প্রদর্শন চলছে। এবারও সেটের তথা ম্যাচের ফয়সালা হল টাই-ব্রেকারে। ৭-৬ (১০-২) জিতে চ্যাম্পিয়ন আলকারাজ। লাল সুরকির কোর্টের রাজা।

Advertisement
সম্পর্কিত সংবাদ