মেলবোর্ন: প্রথম গেমে জয়ের পর দ্বিতীয়টিও ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে তখন এগোচ্ছিলেন কার্লোস আলকারাজ। হঠাৎই গ্যালারি থেকে ভেসে এল একের পর এক বিয়ের প্রস্তাব। কোনওটি মেয়ের জন্য মায়ের দেওয়া, আবার কোনওটি শ্যালিকার জন্য জামাইবাবুর পাঠানো। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এক তরুণী সরাসরি তাঁকে বিবাহের প্রস্তাব দিতেই হেসে ফেলেন স্প্যানিশ তারকা। তবে তাতেও মনঃসংযোগে ব্যাঘাত ঘটেনি ‘এলিজিবল ব্যাচেলর’ আলকারাজের। অস্ট্রেলিয়ান ওপেনে রবিবার চতুর্থ রাউন্ডে মার্কিন তারকা টমি পলকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটের টিকিট পাকা করলেন শীর্ষ বাছাই এই তারকা। খেলার ফল ৭-৬ (৮-৬), ৬-৪, ৭-৫। সেই সঙ্গে নয়া রেকর্ডও গড়লেন তিনি। ২৩ বছরের কমবয়সি হিসেবে ১৪বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন আলকারাজ। এর আগে ২৩ বছরের কম বয়সে ১৩টি গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে ওঠার কীর্তি ছিল বিয়র্ন বর্গ ও বরিস বেকারের দখলে। এবার পূর্বসূরিদের পিছনে ফেলে সিংহাসনে বসলেন সাম্প্রতিক কালের সবচেয়ে উজ্জ্বল তারকা।



