মেক্সিকো সিটি: নির্ধারিত সময়ের খেলা তখনও ১২ মিনিট বাকি। হঠাত্ই গোলরক্ষক রাউল রাঙ্গেলকে তুলে নিলেন মেক্সিকোর কোচ। পরিবর্তে মাঠে নেমেই রেকর্ড বুকে নাম তুললেন গুইলারমো ওচোয়া। মেসি, রোনাল্ডোদের সঙ্গে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড। এবং দৌড়ে এসে তাঁর হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ডও পরিয়ে দিলেন এডারসন আলভারেজ। কিন্তু ওচোয়ার চোখ ছলছল করছে কেন? দেওয়াল লিখন তখনই স্পষ্ট ছিল, দেশের জার্সিতে হয়তো শেষবার নামছেন তিনি! অর্থাত্, ২০০৫ সালে এই অ্যাজটেকা স্টেডিয়ামেই জাতীয় দলে তাঁর অভিষেক হয়েছিল। আর দীর্ঘ ২১ বছরের কেরিয়ার শেষে সেই প্রিয় মাঠেই বিদায় বললেন তিনি। অ্যাজটেকায় শুরু, অ্যাজটেকায় শেষ!
রেফারির শেষ বাঁশি বাজতেই আর আবেগ চেপে রাখতে পারেননি ওচোয়া। গোলপোস্ট জড়িয়ে ধরে আলতো চুমু খেলেন। তারপর গ্যালারির দিকে হাত তুলে অভিবাদন! ততক্ষণে সতীর্থরা ঘিরে ধরেছেন তাঁকে। এরপর ৪০ বছর বয়সি গোলরক্ষককে শূন্যে ছুড়ে চলল উদযাপন। গোটা গ্যালারিও উঠে দাঁড়িয়ে করতালিতে সম্মান জানাচ্ছেন ওচোয়াকে। ঘরের মাঠে এর চেয়ে রাজকীয় বিদায় আর কী হতে পারে! আপ্লুত গোলরক্ষকের কথায়, ‘এখানেই শুরু এবং শেষ। কেরিয়ারের এই অধ্যায়টা খুবই চমৎকার কাটলো। বিদায়বেলায় কোনো আক্ষেপ নেই। কারণ, দেশের জার্সিতে যখনই মাঠে নেমেছি, সেরাটা নিংড়ে দিয়েছি। সতীর্থ, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’ চলতি বিশ্বকাপে নক-আউটে পৌঁছেছে মেক্সিকো। তাই বাকি ম্যাচগুলিতেও হয়তো দলের সঙ্গে ব্যাক-আপ হিসেবেই থাকবেন ওচোয়া। কিন্তু খেলার সুযোগ না-ও মিলতে পারে। তাই মঙ্গলবার অ্যাজটেকায় তাঁকে ফেয়ারওয়েল দিল মেক্সিকো।