Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলন শুরু আলবার্তোর, এখনও রিহ্যাবে ব্যস্ত আপুইয়া

আলবার্তোকে নিয়ে স্বস্তি ফিরল মোহন বাগানে। তবে আপুইয়াকে নিয়ে দুশ্চিন্তা থাকছেই। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন স্প্যানিশ ডিফেন্ডার।

অনুশীলন শুরু আলবার্তোর, এখনও রিহ্যাবে ব্যস্ত আপুইয়া
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলবার্তোকে নিয়ে স্বস্তি ফিরল মোহন বাগানে। তবে আপুইয়াকে নিয়ে দুশ্চিন্তা থাকছেই। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন স্প্যানিশ ডিফেন্ডার। থিঙ্কট্যাঙ্কের ধারণা, দ্রুত ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি। উল্লেখ্য, পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন আলবার্তো। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় জর্জরিত আপুইয়া। এখনও ডাগ-আউটে রিহ্যাব করতে হচ্ছে। তবে এক্ষেত্রেও টিম-ম্যানেজমেন্ট আশাবাদী মিজো ফুটবলার দ্রুত অনুশীলনে নেমে পড়েতে পারবেন। আসলে আগামী ৯মে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে মোহন বাগান। চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। মানোলো মার্কুয়েজের দলের বিরুদ্ধে আলবার্তো ও আপুইয়াকে খেলাতে মরিয়া সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। রক্ষণে টাফ ফুটবল খেলতে আলবার্তোর জুড়ি নেই। পাশাপাশি লোবেরা ব্রিগেডে আপুইয়ার বিকল্প নেই। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে অসম্ভব ওয়ার্কলোড নিতে পারেন তিনি। স্ন্যাচিংও দুরন্ত। গোয়ার সাজানো মাঝমাঠের সঙ্গে পাল্লা দিতে হলে আপুইয়াকে প্রয়োজন। ৭ মে গোয়া উড়ে যাবে মোহন বাগান। পরের দিন সেখানেই প্রস্তুতি সারবেন ম্যাকলারেনরা। 

Advertisement

লিগ টেবিলে ৯ ম্যাচে লোবেরা ব্রিগেডের সংগ্রহ ২০ পয়েন্ট। শীর্ষে রয়েছেন কামিংসরাই। এক ম্যাচ বেশি খেলে গোয়ার প্রাপ্তি ১৯ পয়েন্ট। তবে শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে গোয়ার। মানোলোর দল পয়েন্ট খোয়ালে আরও সুবিধা হয়ে যাবে মোহন বাগানের। যুবভারতীতে বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ খেলেছে লোবেরার দল। অন্যদিকে, গোয়ায় কিক অফ বিকেল ৫টায়। তাপমাত্রা ও চড়া আর্দ্রতা বড় ফ্যাক্টর। তারউপর ব্রাইসন ফার্নান্ডেজ, সন্দেশ ঝিংগাম, মহম্মদ নেমিল, ড্র্যাজিকরা ঘরের মাঠে প্রবল প্রতিপক্ষ। উদান্তা সিং, আবদুল রবির গতিও সামলাতে হবে। মোহন বাগান রক্ষণকে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে তৈরি মানোলো ব্রিগেড। ফতোরদায় শক্তিশালী মুম্বইকেও বশ মানিয়েছে এফসি গোয়া। পাসিং ফুটবল তাদের ট্রেডমার্ক। মাঝমাঠে তা থামাতে মরিয়া সের্গিও লোবেরা। দুই স্প্যানিশ কোচের দ্বৈরথের দিকে সাগ্রহে তাকিয়ে ফুটবল মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ