নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ৩ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আনোয়ার আলি। এসিএল গ্রেড-টু ধরা পড়ায় পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত আট সপ্তাহ লাগার কথা এই তারকা ডিফেন্ডারের। তাঁর অনুপস্থিতিতে শেষ তিন ম্যাচে ৯ গোল হজম করেছে ইস্ট বেঙ্গল। তাই কোনোরকম সময় নষ্ট না করে রবিবার রিহ্যাবে নেমে পড়লেন আনোয়ার। মঙ্গলবার এসিএল টু’র পরবর্তী ম্যাচে জর্ডনের ক্লাব আল হুসেইনের মুখোমুখি হবে হাবাস ব্রিগেড। চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে রয়েছে লাল-হলুদ শিবির। নক-আউটের আশা কার্যত শেষ। এমন পরিস্থিতিতে আইএসএলের ডার্বির আগে আল হুসেইনের বিরুদ্ধে জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য হাবাসের। তার আগে আনোয়ারের অনুশীলনে যোগ দেওয়াটা অবশ্যই বড়ো পাওনা। অবশ্য এদিন পুরোপুরি আলাদা ট্রেনিং সারেন তিনি। পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ চার ম্যাচে জয় অধরা ইস্ট বেঙ্গলের। প্রতি ম্যাচেই দল নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কোচ হাবাস। এমন পরিস্থিতিতে আল হুসেইনের বিরুদ্ধে আরও একবার আতস কাচের তলায় থাকবেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। আল হুসেইনের বিরুদ্ধে প্রথম লেগে দু’গোলে লিড নিয়েও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। ঘরের মাঠে অবশ্য পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া হাবাস। তাই এসসি দিল্লি ম্যাচের ড্র ভুলে নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি ইস্ট বেঙ্গল। একই সঙ্গে মঙ্গলবার আল হুসেইনের বিরুদ্ধে দলের ফর্মেশনেও বদল আনতে চলেছেন কোচ। আক্রমণাত্মক ফুটবল মেলে ধরার লক্ষ্যে তিন ডিফেন্ডারের পথে হাঁটতে পারেন তিনি। পাশাপাশি প্রথম একাদশে ফিরছেন একে লোবা।
এদিকে, রবিবার সকালে কলকাতায় পৌঁছাল আল হুসেইন। চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না তারা। সেই তালিকায় রয়েছেন গোলরক্ষক ইয়াজিদ, সালাহ আল-ফারাশ ও কলম্বিয়ার স্ট্রাইকার ব্রায়ান রিয়াসকোস।



