Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলু চাষিদের বিমার আওতায় আনতে সব পঞ্চায়েতেই ক্যাম্প

আলু চাষিদের বিমার আওতায় আনতে সব পঞ্চায়েতেই ক্যাম্প
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সমস্ত চাষির বিমা করানোর জন্য প্রতিটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে কৃষিদপ্তর। ৩১ডিসেম্বর পর্যন্ত আলু চাষিরা বিমা করতে পারবেন। এছাড়া গম, ছোলা, ভুট্টা, ছোলা, মসুর, মুগ, সর্ষে এবং তিল চাষিরাও ওই সময় পর্যন্ত বিমা করতে পারবেন। বোরো ধান চাষিরা ৩১ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পে গিয়ে বিমা করতে পারবেন। সোমবার সচেতনতামূলক প্রচারের জন্য একটি ট্যাবলো উদ্বোধন করা হয়। জেলাশাসক আয়েশা রানি এ, ডিডিএ নকুল মাইতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, গত বছর দুর্যোগের জন্য আলুচাষ ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা বিমার টাকা পেয়েছেন। কোনও চাষি যাতে সমস্যায় না পড়েন তারজন্য এবারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আলু চাষিদের জন্য পঞ্চায়েতে ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগে আলু চাষিদের বিমা করার জন্য অল্প টাকা দিতে হতো। সরকার সেটাও মকুব করে দিয়েছে। আলু চাষিরাও জমির নথি দিয়ে ক্যাম্পে আবেদন করলে বিমার আওতায় আসবেন। কৃষি কর্মাধ্যক্ষ বলেন, এবছর ডিভিসির ছাড়া জলে জামালপুর, রায়না-২ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। বহু ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমা সংস্থা এবং কৃষিদপ্তর ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করেছে। ক্ষতির রিপোর্ট রা‌঩জ্যে পাঠানো হয়েছে। সরকার মঞ্জুর করলেই চাষিরা বিমার টাকা পেয়ে যাবেন। কৃষিদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ছোলা, মসুর বা সর্ষের বিমা করার জন্য চাষিদের ব্লক অফিসে যেতে হবে। তবে আলু চাষিরা পঞ্চায়েত এলাকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। চাষিরা বলেন, এখন আলু চাষের মরশুম চলছে। চাষিদের মাঠেই সময় কাটাতে হচ্ছে। ক্যাম্পে গিয়ে বিমা করার মতো সময় অনেকের নেই। তাই বিমার সময়সীমা বাড়ানো হলে কৃষকরা উপকৃত হবেন।
পূর্ব বর্ধমান জেলায় মেমারি, জামালপুর, কালনা এলাকায় বেশি জমিতে আলু চাষ হয়। গলসি, আউশগ্রাম এবং ভাতার এলাকায় ধান চাষ হয়। বোরো ধান চাষের মরশুম শুরু হতে আরও কয়েকটা দিন বাকি রয়েছে। কিন্তু এখন আলু চাষের মরশুম চলছে। অধিকাংশ জমিতে আলুবীজ বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। এখন জমি পরিচর্যার কাজ চলছে। সেই কারণেই চাষিদের নাওয়া-খাওয়ার সময় নেই। চাষিদের কথা ভেবেই সরকার পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে বিমা করানোর কর্মসূচি নিয়েছে।
সম্পর্কিত সংবাদ