Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আল আমিন মিশনের পুনর্মিলন উৎসব

আল আমিন মিশনের পুনর্মিলন উৎসব
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ৯ ও ১০নভেম্বর দু’দিন পাথরচাপুড়িতে আল আমিন মিশনের পুনর্মিলন উৎসব হল। উপস্থিত ছিলেন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম সহ বিশিষ্টরা। প্রাক্তনীদের উদ্যোগেই পুনর্মিলন উৎসব হল। উৎসবের সভাপতিত্ব করেন আল আমিন ট্রাস্টের চেয়ারপার্সন শেখ মহম্মদ হাসান। অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বীরভূমের অতিরিক্ত পুলিস সুপার রানা মুখোপাধ্যায়, ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিস সুপার কুণাল মুখোপাধ্যায়, কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক নাইমুর রহমান, পাথরচাপুড়ি শাখার প্রাক্তনী নদীয়ার রানাঘাটের ডেপুটি পুলিস সুপার শেখ সামসুদ্দিন, মিশন পরিচালন সমিতির সদস্য হাসিব আলম ও কাজি আব্দুল বসির, তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ, মিশনের সহ সম্পাদক আলমগীর বিশ্বাস প্রমুখ।
Advertisement
মিশনের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক জীব হিসেবে আমরা কখনোই একা ভালো থাকতে পারি না। আমাদের ভালো থাকতে গেলে সমাজের সকল স্তরের মানুষের ভালো থাকা সুনিশ্চিত করা দরকার। তারজন্য সঠিক মনুষ্যত্বের শিক্ষা অর্জন করা দরকার। সভাধিপতি বিভিন্ন সরকারি জনশিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে যুবক-যুবতীদের শিক্ষা প্রদান এবং সমাজের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। অতিরিক্ত পুলিস সুপার বলেন, ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত না হয়ে একনিষ্ঠভাবে শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও অন্যান্য পেশায় অগ্রণী ভূমিকা নিতে হবে। পাথরচাপুড়ি শাখার প্রাক্তনী রানাঘাটের ডেপুটি পুলিস সুপার বলেন, এই ধরনের একটা অনুষ্ঠান করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনাপূর্বে প্রাক্তনীদের উদ্যোগে মিশন সংলগ্ন এলাকায় দুঃস্থ বাসিন্দাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান শেখ তাজ মহম্মদ। মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা প্রধান শাখা খলতপুর মিশনের প্রাক্তন ছাত্রী হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য বক্তব্য তুলে ধরেন পাণ্ডবেশ্বর কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর নাসিরুদ্দিন মোল্লা সহ বিশিষ্টরা।
মিশনের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আবৃত্তি, গান, নৃত্য ও নাটক প্রদর্শন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেওয়াল পত্রিকা ‘ইচ্ছে-৫’। এছাড়াও বিজ্ঞান বিভাগে পরিত্যক্ত সামগ্রী থেকে ছাত্রছাত্রীদের তৈরি আকর্ষণীয় সামগ্রী আর্ট গ্যালারিতে প্রদর্শন করা হয়। লোকসংস্কৃতির অঙ্গ হিসেবে স্থানীয় আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়।
সম্পর্কিত সংবাদ