আরও দুর্বল ‘আকভান’, কাল থেকে হালকা শীতের আমেজ
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’ শনিবার আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। এই সময় এর অবস্থান ছিল উত্তর ছত্তিশগড় ও লাগোয়া এলাকার উপর। আজ, রবিবার থেকে পশ্চিমবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা ঩নেই। আজ ও কাল কোথাও কোথাও হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়া পুরো শুষ্ক হয়ে যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সোমবার থেকে পশ্চিমা শুকনো হাওয়া সক্রিয় হবে। ফলে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা।  হালকা শীতের অনুভূতি ফিরে আসবে, যা এই সময় স্বাভাবিক।  

Advertisement

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (২১.৪ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি ছিল। মেঘলা আবহাওয়া ও টানা বৃষ্টির জন্য দুদিন কলকাতাসহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে যায়। শনিবার তা কিছুটা বেড়েছে। এদিনও অবশ্য কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২৫.২ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম ছিল। আকাশ  পরিষ্কার হয়ে ঝকঝকে রোদ উঠলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে।
শনিবার কলকাতা  ও লাগোয়া এলাকায় আকাশ মেঘলা থাকলেও মাঝেমধ্যে রোদের দেখা মিলেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে সাগরদ্বীপ ছাড়া কোথাও বৃষ্টি বিশেষ হয়নি। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু অংশে এদিনও বৃষ্টির মেঘ তৈরি হয়। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে এখন বেশি মাত্রায় জলীয় বাষ্প আছে। রোদ উঠলে তা ঘনীভূত হয়ে কোথাও কোথাও মেঘ সৃষ্টি হতে পারে। তাই সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকা ও তার কাছাকাছি জায়গায়। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ১৭৫.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘাতে। ওই জেলার কাঁথিতে ১০৫ মিমি, দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে ৮৫ মিমি বৃষ্টি হয়েছে। উপকূল এলাকা না হলেও বর্ধমানে ৭৫.২ মিমি, মেদিনীপুরে ৫৫ মিমি, পানাগড়ে ৫২ মিমি, উলুবেড়িয়ায় ৫২.২ মিমি বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় (আলিপুরে) এই সময়ে ৪১.২ মিমি, দমদমে ৩১.২ মিমি,  সল্টলেকে ৩৩.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আপাতত বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত নেই। তবে নভেম্বরের একেবারে শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে আন্দমান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তি বৃদ্ধি করবে কি না বা কোন দিকে যাবে, তা নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিছু বলা হয়নি। যদিও কয়েকটি মডেল এটিও গভীর নিম্নচাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বর মাসের শুরুতে, এমনকি মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ হলে সেগুলি সাধারণত দক্ষিণ ভারতের তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে যায়। সেরকম কিছু ঘটলে এ রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস কিছুটা সক্রিয় হতে পারে।