নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে। বুধবার এমনই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই অবস্থায় পুরীসহ দক্ষিণ ওড়িশার সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে এক গুচ্ছ বিধিনিষেধ জারি করেছে ওড়িশা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকা ও সমুদ্রে পর্যটকটের আনাগোনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেই রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর। পুরী, চন্দ্রভাগা ও অস্তরঙ্গ সমুদ্র সৈকত নিয়ে প্রশাসন বেশি উদ্বিগ্ন। যে ধরনের বিধিনিষেধ জারি হয়েছে, তাতে কার্যত এই সময় পর্যটকদের পুরী না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পরিস্থিতিতে গুণ্ডিচা মন্দির দর্শন বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রেখেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের জন্য পুরী, গঞ্জামসহ ওড়িশার ৬টি জেলায় সব স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইত্যাদি শনিবার পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিল, শুক্রবার দুপুরের দিকে ‘আকভান’ অন্ধ্র উপকূলের নেলোর ও টুনির মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। বুধবার দুপুরে জানানো হয়, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে অন্ধ্রের নরসাপুর থেকে ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনো জায়গা দিয়ে স্থলভাগে ঢুকবে। তবে ঝড়ের তীব্রতা আগে যতটা হবে বলে মনে করা হচ্ছিল, তা কিছুটা কমবে। তীব্র ঘূর্ণিঝড় হিসাবে এটি উপকূল অতিক্রম করবে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার (দমকা হাওয়া ১১০ কিলোমিটার) হতে পারে। দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কোথাও কোথায় ২৪ ঘণ্টার মধ্যে ২১০ মিমির বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, অভিমুখ পরিবর্তন হওয়ায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ রয়েছে। আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও। কলকাতাসহ আরও কয়েকটি জেলায় আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।



