নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে তৃণমূলের সরকার থাকাকালীন আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতগুলি মামলা লড়েছেন, সেই বাবদ সরকারের থেকে কত টাকা আয় করেছেন, তার তথ্য সামনে আনা হোক। এমনটাই দাবি জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা তথা রাজ্যের বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি একটি চিঠি দিয়েছেন। আখরুজ্জামান বলেছেন, তৃণমূল জমানায় ২০১১ থেকে ২০২৬ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত কল্যাণ এবং তাঁর ছেলে ও মেয়ে রাজ্য সরকারের মামলাগুলি লড়েছেন। তৎকালীন রাজ্য সরকার হাইকোর্টে যেসব মামলা হেরে গিয়েছে, সেসব মামলা আবার সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে লড়েছেন কল্যাণ। এমনকি, তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রীকে বাধ্য করা হত তাঁদের দপ্তরের মামলাগুলি কল্যাণের হাতে দেওয়ার জন্য। আখরুজ্জামান আরও বলেন, বর্তমান সরকারের কাছে দাবি করেছি, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। তাতে জানানো হোক, পূর্ববর্তী আমলে কতগুলি মামলা লড়েছেন, কতগুলিতে হেরেছেন, কত টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কল্যাণ। সেক্ষেত্রে যদি কোথাও টাকা নয়ছয় হয়ে থাকে, তাহলে যথাযথ পদক্ষেপ করা হোক। প্রয়োজনবোধে সবদিক খতিয়ে দেখুক কেন্দ্রীয় এজেন্সি।
আখরুজ্জামানের অভিযোগ খণ্ডনসহ কল্যাণ পালটা বলেন, দলীয় কর্মীদের শয়ে শয়ে মামলা আমি বিনা পয়সায় লড়েছি। আর সরকার থেকে আমার কাছে যে মামলাগুলি আসত, সেগুলিই গ্রহণ করতাম। ২০২০ সাল থেকে হাইকোর্টে আমার অ্যাপিয়ারেন্স ফি দেড় লক্ষ টাকা আর সুপ্রিম কোর্টে তিন লক্ষ টাকা। সাধারণ মানুষ ও সরকারের থেকে একই পরিমাণ টাকা নিতাম। অন্যদিকে কল্যাণ দাবি করেন, আখরুজ্জামানের বিরুদ্ধে তো গোরু পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওঁর নামে আরও রয়েছে জমি, পরিবারের একাধিক গ্যাস এজেন্সি এবং কোটি কোটি টাকা আত্মস্যাতেরও অভিযোগ।



