Bartaman Logo
৯ জুন, ২০২৬

জল্পনা বাড়িয়ে শারদের সঙ্গে ফের একমঞ্চে অজিত পাওয়ার

গত ১৫ দিনের মধ্যে তিনবার। শারদ পাওয়ার ও তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে ফের এক মঞ্চে দেখা গেল।

জল্পনা বাড়িয়ে শারদের সঙ্গে ফের একমঞ্চে অজিত পাওয়ার
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

পুনে: গত ১৫ দিনের মধ্যে তিনবার। শারদ পাওয়ার ও তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে ফের এক মঞ্চে দেখা গেল। সোমবার তাঁরা পুনের বসন্তদাদা সুগার কমপ্লেক্সের এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে কৃষি ও চিনিশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এক আলোচনায় অংশ নেন তাঁরা। এক ঘণ্টারও বেশি ধরে ওই বৈঠকে চলে। পরে অজিত জানান, কৃষিতে উত্পাদন বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো ও মাটির ঊর্বরতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। যদিও সে সব ছাপিয়ে চর্চায় কাকা-ভাইপোর সমীকরণ। 

Advertisement

কাকা শারদের এনসিপি ভেঙে নতুন দল গড়েছেন ভাইপো অজিত। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পেয়েছেন উপ মুখ্যমন্ত্রীর পদও। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই জল্পনা চলছে, ফের কাকার হাত ধরতে পারেন অজিত। সেক্ষেত্রে বিরোধী শিবিরের অন্যতম মুখ শারদের ভূমিকা কী হবে, তা নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক মহলে। যদিও এদিন সে সব নিয়ে মন্তব্য এড়িয়ে যেতে চেয়েছেন অজিত। তিনি জানান, এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পরিবার সব কিছুর আগে। এসবের সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক নয়। 
কিছুদিন আগে অজিতের ছেলে জয়ের এনগেজমেন্টে গিয়েছিলেন শারদ। তারপরে সাতারায় রায়ত শিক্ষন সংস্থার অনুষ্ঠানেও দুজন উপস্থিত ছিলেন। শারদ ওই সংস্থার সভাপতি আর অজিত ট্রাস্টের অন্যতম সদস্য। এদিন অজিতও জানিয়েছেন, তিনি ওই অনুষ্ঠানে উপ মুখ্যমন্ত্রী নন, ট্রাস্টের সদস্য হিসেবে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, ‘প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেন। এখন ভোট মিটে গিয়েছে, সরকারও গঠন হয়ে গিয়েছে। এখন সবাই একসঙ্গে হয়ে কাজ করার সময়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ