Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজাদের ফুটবলে সেরা ইদ্রিস এন্টারপ্রাইজ

আজাদের ফুটবলে সেরা ইদ্রিস এন্টারপ্রাইজ
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: দাসপাড়া আজাদ ক্লাবের উদ্যোগে দিনরাতের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ইদ্রিস এন্টারপ্রাইজ। সোমবার রাতে ফাইনাল হয় চোপড়ার দাসপাড়া হাইস্কুল মাঠে। বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে। পাশাপাশি নেপালের জাতীয় দলের তিন ও নাইজেরিয়ার তিন ফুটবলার অংশ নিয়েছিলেন। দু’দিনের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইদ্রিস এন্টারপ্রাইজ ও হলদিবাড়ি ব্রাদার্স। ইদ্রিস ১-০ গোলে হলদিবাড়িকে হারিয়ে সেরা হয়েছে। ফাইনালে ক্রিস ছেত্রী একটি গোল করে দলকে জয় এনে দেন। এদিন ফাইনাল উপলক্ষ্যে ফুটবলপ্রেমী মানুষের ভিড় উপচে পড়ে। আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নগদ এক লক্ষ টাকা, সঙ্গে মুফতি জয়নুল হক মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি। রানার্স হলদিবাড়ি পেয়েছে ৬০ হাজার টাকার সঙ্গে মহম্মদ তৈমদ্দিন মেমোরিয়াল রানার্স আপ ট্রফি। ফাইনালের সেরা ক্রিস ছেত্রী, সেরা গোলকিপার অভিজিৎ রায়, রক্ষণে জয় রায় ও ফরোয়ার্ড  বিকি জমাদার সেরার পুরস্কার পেয়েছেন। স্থানীয় শিক্ষক রওশন আলম বলেন, প্রত্যন্ত এলাকায় এত বড় ফুটবল টুর্নামেন্ট হওয়ায় এলাকাবাসী ভীষণ খুশি। আগের তুলনায় এখন দাসপাড়া অঞ্চলে খেলাধুলোয় আগ্রহ অনেকটা বেড়েছে ছাত্র-যুবদের মধ্যে। এদিন মাঠে উপস্থিত ছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনসুর আলম, উপপ্রধান জিল্লুর রহমান, চ্যাম্পিয়ন ট্রফিদাতা জিয়াউল হক, রানার্স আপ ট্রফিদাতা ইদ্রিস আলী সহ অন্যরা। টুর্নামেন্টের কনভেনার মুক্তার মল্লিক বলেন, ক্লাবের পক্ষ থেকে একাধিকবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলেও এই প্রথম রাতে খেলা হল। গভীর রাত পর্যন্ত দর্শকরা মাঠে ছিলেন। আজাদ ক্লাবের সভাপতি আজিজুল হকের কথায়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দাসপাড়ায় এই প্রথম রাতে ফুটবল টুর্নামেন্ট ঘিরে সাধারণ মানুষের ভীষণ উৎসাহ ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ