নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার স্টল বাড়ছে উত্তরবঙ্গ বইমেলার। বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে সাংবাদিক সম্মেলনে একথা বলেন বইমেলা পরিচালন কমিটির প্রধান উপদেষ্টা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ, শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে বইমেলার সূচনা হবে। ৭ ডিসেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে মেয়র ছাড়াও অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, লেখিকা অর্পিতা সরকার উপস্থিত থাকবেন। কমিটি সূত্রের খবর, মেলায় প্রবেশমূল্য মাথাপিছু ২০ টাকা। প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ে আলোচনা সভা হবে। মেয়র বলেন, গতবছর মেলায় স্টল হয়েছিল ৭৪টি। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ৯৪টি। গতবছর মেলায় আয় হয়েছিল ৫ কোটি টাকা। এবার তা বেড়ে ৬ কোটি টাকা হবে বলেই আশা করছি। তবে, এবার মেলায় বাংলাদেশের কোনও প্রকাশনী সংস্থা আসছে না।



