নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বছরের প্রথম দিন থেকে শহরের টোটো চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হওয়ার কথা। তার আগে সোমবার প্রশাসন, পুলিস, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ। শহরের রাস্তায় টোটোর রুট নির্ধারণ সহ একাধিক ইস্যুতে সবপক্ষকে নিয়ে আলোচনা হবে বলে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন।
এদিকে, শহর ও গ্রামের টোটোর রুট নিয়ে টোটোচালকদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবারও কিছু টোটোচালক শহরে জমায়েত করে কোনও কর্মসূচি পালন করতে পারেন বলে আশঙ্কা।
এই আবহে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সোশ্যাল মিডিয়ায় টোটো চালকদের নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি সেখানে টোটো নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁদের সতর্ক করেছেন। সমাজে টোটো চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন। তাঁর পোস্টে উল্লেখ রয়েছে, কোনও শ্রেণি যাতে পিছিয়ে না পড়ে, তাই সবাইকে নিয়ে চলতে হবে।