Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে ২৭টি ওয়ার্ডে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু

আজ থেকে ২৭টি ওয়ার্ডে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: পাঁচবছর পর ফের রায়গঞ্জ শহরে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে ২৭ টি ওয়ার্ডে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। মাঝে কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়ার পর হঠাৎ তা বন্ধ হয়ে যায়। সেই কাজ সম্পন্ন করতে এবার ৩৪ হাজার ৬৮০ টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে। 
Advertisement
রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, আম্রুত প্রকল্পের মাধ্যমে  জলের সংযোগ দেওয়া হবে। ৩১ কোটি টাকা খরচ হবে এই সংযোগ দিতে। সকলেই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করা হচ্ছে। সেজন্য শহরবাসীকে কোনও অর্থ খরচ করতে হবে না। জলের সংযোগ দেওয়ার পরই রাস্তার কাজ শুরু  হবে। মোট ৮ কোটি খরচে নতুন রাস্তার কাজ হবে পুরসভায়।
২০১৯ সালে ২০৪১ টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছিল। তারপর মেরামত ও অন্যান্য সমস্যার কারণে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ স্থগিত হয়ে যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে মোট ৪ টি ওভারহেড এবং ৪ টি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে। বসানো হয়েছে ১৪ টি পাম্প হাউস। যার মাধ্যমে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরের বাসিন্দারা। রায়গঞ্জের বাসিন্দা মোহন মহন্ত বলেন, পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। অনেক আগে পুরসভা এই প্রতিশ্রুতি দিয়েছিল। দেরিতে হলেও সাধারণ মানুষ জল পাবেন। রায়গঞ্জের বাসিন্দা রিম্পা ঘোষ বলেন, জলের সংযোগ পেলে আমাদের খুব উপকার হয়। মানুষকে আর জল কিনে খেতে হবে না। 
সম্পর্কিত সংবাদ