Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে শুরু আরামবাগ উৎসব, সিসি ক্যামেরায় ও ড্রোনে নজরদারি

আজ থেকে শুরু আরামবাগ উৎসব, সিসি ক্যামেরায় ও ড্রোনে নজরদারি
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আরামবাগ উৎসব। আরামবাগ পুরসভা পরিচালিত এই উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা শহরে। উৎসবে শামিল হওয়ার জন্য শহরজুড়ে প্রচার চলছে। উৎসবে ব্যাপক ভিড় হওয়ার আশঙ্কায় বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ ও নো এন্ট্রি করছে পুলিস। তারসঙ্গে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি চালাবে পুলিস। একইসঙ্গে মহিলাদের সুরক্ষায় থাকছে উইনার্স টিম। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, ঐতিহ্য মেনে এবারও আরামবাগ উৎসবের আয়োজন করা হয়েছে। মেলায় কয়েকশো স্টল থাকছে। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে নানা অনুষ্ঠান হবে। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, প্রত্যেক বছরের মতো এবারও আরামবাগ উৎসবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পুলিস বাহিনী সহ উইনার্স টিম মোতায়েন করা হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আরামবাগ উৎসবে প্রত্যেক দিন বিকেল থেকে মেলার মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে। শহরের পাশাপাশি মহকুমার বিভিন্ন গ্রাম থেকেও দর্শনার্থীরা আসেন। তাই যান চলাচলে একাধিক পদক্ষেপ নেবে পুলিস। আরামবাগ-কলকাতা রাস্তায় জয়রামপুর থেকে ভারী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। একইভাবে আরামবাগ-বর্ধমান রুটেও নৈসরাই এলাকাতেও যান নিয়ন্ত্রিত হবে। অন্যদিকে, আরামবাগ-বাঁকুড়া ও মেদিনীপুর রুটে কালীপুর এলাকায় ভারী যান আটকাবে পুলিস। তাছাড়া সন্ধ্যা ৫টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আরামবাগ শহরের একাধিক রাস্তাতেও যান নিয়ন্ত্রিত হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ