Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ, সিউড়িতে সিএবি আয়োজিত টি-টুয়েন্টি ফাইনাল, জেলায় উন্মাদনা 

আজ, সিউড়িতে সিএবি আয়োজিত টি-টুয়েন্টি ফাইনাল, জেলায় উন্মাদনা 
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিএবির ক্রিকেট জ্বরে কাবু গোটা বীরভূম। আজ, মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ি ডিএসএ মাঠে বসতে চলেছে ‘পেটাও বাংলা পেটাও’ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আসর। মুখোমুখি হচ্ছে বর্ধমান ও নদীয়া জেলা। ফাইনাল ম্যাচকে ঘিরে মানুষের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কমপক্ষে ৬ থেকে ৭ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকবেন বলে আশা কর্মকর্তাদের। এবার সেরার শিরপা কোন দলের হাতে উঠতে চলেছে, তা জানার জন্য আর কয়েকঘন্টার অপেক্ষা মাত্র। 
Advertisement
শেষ ১০ দিন ধরে সিএবির উদ্যোগে এই টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা চলছে। অংশগ্রহণ করেছিল রাজ্যের ১৮টি জেলার টিম। মোট ৪টি মাঠে এই প্রতিযোগিতা চলছিল। এর মধ্যে বীরভূমের দু’টি মাঠে এই খেলা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি হয় সিউড়িতে। আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ফাইনাল ম্যাচ। যদিও দুপুরে তৃতীয় স্থানের জন্য মাঠে নামবে দু’টি দল। সেই ম্যাচে বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা খেলবে। স্বাভাবিকভাবেই এদিন টানা দু’টি ক্রিকেট ম্যাচ নিয়ে জেলাবাসীর উন্মাদনার শেষ নেই। বিশেষ করে ক্রিকেটপ্রেমী দর্শকরা এই খেলাকে ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক —সবজায়গাতেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। গোটা স্টেডিয়াম আলো দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে রঙিন আলো দিয়ে মাঠের বাইরের পরিবেশটাই উৎসবমুখর করে তোলা হয়েছে। এই ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ একঝাঁক কর্মকর্তা। পাশাপাশি রঞ্জি ক্রিকেটার থেকে সিলেক্টর সকলেই মাঠে থাকবেন। উপস্থিত থাকার কথা অনুব্রত মণ্ডল সহ জেলার অন্যান্য বিধায়কদেরও। একঝাঁক তরুণ ক্রিকেটারদের লড়াই উপভোগ করতে মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। এই টুনার্মেন্ট থেকেই অনেক প্রতিভা নতুন করে উঠে আসবে বলে জানা যাচ্ছে। যাঁদের সুযোগ মিলবে আরও বড় টুর্নামেন্টে খেলার। অনেকদিন পর ঘরোয়া ক্রিকেট ঘিরে জেলাবাসীর বিশেষ করে সিউড়িবাসীর উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ সন্ধ্যার দিকে বৃষ্টির ভ্রুকুটি ও কুয়াশার আশঙ্খাও করা হচ্ছে। সেই সঙ্গে কালীপুজোর বিসর্জন রয়েছে কিছু জায়গায়। 
ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিএসএ)-এর চেয়রাম্যান বিদ্যাসাগর সাউ বলেন, রবিবার সন্ধ্যার যে সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিল তা চমকে দেওয়ার মতো। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। ফাইনালে যে তিল ধরানোর জায়গা থাকবে না তা বলার আর অপেক্ষা রাখে না। সিএবির সকল কর্তাব্যক্তিরা আসছেন। সিলেক্টররা থাকছেন। গোটা টুর্নামেন্টটাই উপভোগ্য ছিল। আমরা ফাইনাল ম্যাচ অনলাইনেও সম্প্রচারণ করব বলে ভেবেছি। আপত্তিকর ঘটনা এড়াতে স্টেডিয়ামের দর্শকাসনে পুলিস মোতায়েন থাকবে। ফাইনালের শিরোপা কে জেতে, সেটাই এখন দেখার। 
সম্পর্কিত সংবাদ