Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ শেষ করতেই হবে গ্রামসভা, হিমশিম অবস্থা

আজ শেষ করতেই হবে গ্রামসভা, হিমশিম অবস্থা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আবাস যোজনায় বাড়ি প্রাপকের তালিকা নিয়ে বুধবার মুর্শিদাবাদের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভার ডাক দেওয়া হয়। আবাস যোজনার তালিকা নিয়ে সেই সভায় আলোচনা করেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যরা। একদিনের মধ্যে এই বিশেষ গ্রাম সভা আয়োজন করতে হিমশিম খায় বেশ কিছু পঞ্চায়েত। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত গ্রাম সভা শেষ করে আবাসের তালিকা অনুমোদন করতে হবে বলে পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তড়িঘড়ি বিশেষ সভার আয়োজন করতে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত প্রতিটি গ্রাম সংসদের বাসিন্দাদের ডাকেনি বলেই অভিযোগ। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বৃহস্পতিবারের মধ্যেই গ্রাম পঞ্চায়েতগুলি এই তালিকা অনুমোদন শেষ করবে। 
Advertisement
উল্লেখ্য, গত সপ্তাহেই মুর্শিদাবাদ জেলায় আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজ শেষ হয়েছে। গত ২৬ নভেম্বর আবাস যোজনার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ২৬টি ব্লকের বিডিও অফিসে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ১ লক্ষ ৯০ হাজার উপভোক্তা বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। মোট ২ লক্ষ ৯৫ হাজার আবেদনের মধ্যে ২ লক্ষ ৭১ হাজার আবেদন খতিয়ে দেখেছে জেলা প্রশাসনের আধিকারিকরা। সেখানে ৭০ শতাংশ মানুষ বাড়ি পাওয়ার যোগ্য বলে মনে করছে প্রশাসন। প্রতিটি পঞ্চায়েত এলাকার বাড়ি প্রাপকের তালিকা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ওই সভায় তালিকার অনুমোদন করাতে হবে বলেই নির্দেশ। এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, একদিনের মধ্যে বিশেষ গ্রাম সভার আয়োজন করে সেই তালিকা অনুমোদন করানো সত্যিই কঠিন। কারণ অনেক মানুষেরই চাহিদা আছে, কিন্তু তাদের নাম তালিকায় আসেনি। তারা এলেই গ্রামসভায় বিশৃঙ্খলা তৈরি হবে। তাই অনেককে এড়িয়েই এই বিশেষ সভার আয়োজন করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ