Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ শুরু উচ্চমাধ্যমিক কড়া নিরাপত্তা প্রশাসনের

আজ শুরু উচ্চমাধ্যমিক কড়া নিরাপত্তা প্রশাসনের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগ: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১৮মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগ মহকুমার মোট ৪৪ হাজার পরীক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে।সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস রুখতে কঠোর ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল হবে।  অন্যদিকে, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় হাতি নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জঙ্গললাগোয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন। পুরুলিয়া জেলায় এবছর মোট ১৯ হাজার ৪০৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা রয়েছে। ছাত্রের সংখ্যা ন’হাজার ৬০০ জন। ছাত্রীর সংখ্যা ন’হাজার ৮০৯ জন। এবছর মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৮৫টি। এরমধ্যে মেন ভেনু থাকছে ৪০টি। সাব ভেনু থাকছে ৪৫টি। অন্যদিকে, বাঁকুড়া জেলায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ২৭২ জন। এরমধ্যে ছাত্রী রয়েছে ন’হাজার ৭৬৮ জন এবং ছাত্রের সংখ্যা ৯’হাজার ৫০৪ জন। বাঁকুড়ায় মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা থাকছে ৮২টি। পাশাপাশি আরামবাগমহকুমায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ’হাজার ৩৫৫জন। এরমধ্যে উল্লেখযোগ্যভাবে ছাত্রীর সংখ্যা বেশি। আরামবাগে এবছর ছাত্রীর সংখ্যা তিন’হাজার ১৬৯ জন এবং ছাত্রের সংখ্যা দু’হাজার ১৮৬ জন। এবছর মোট ১৮টি পরীক্ষা কেন্দ্র থাকছে। এবছর পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে দুটি করে ‘মেটাল ডিটেক্টর’। কোনও পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন বা কোনও ইলেক্ট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করে, তাহলেই ধরা পড়বে সে। যদি এরপরেও কোনওভাবে কোনও পরীক্ষার্থী জালিয়াতির চেষ্টা করে এবং ধরা পড়ে তাহলে তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হবে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের মূল গেট এবং কনফিডেন্সিয়াল রুমে থাকছে সিসিটিভির বন্দোবস্ত। তা ছাড়া, এ বছর থেকে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। সংসদ সূত্রের খবর, পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে। ঠিক ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রেও কড়া নজরদারি থাকছে। প্রতি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিস। পুরুলিয়ার বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় যেসব এলাকায় হাতির উপদ্রব রয়েছে, সেইসব এলাকায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রয়োজনে গাড়ি করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। হাতি নিয়ে সতর্ক বাঁকুড়াও। বাঁকুড়া উত্তরের বিভাগীয় বনাধিকারিক দেবাশিস মহিমাপ্রসাদ প্রধান বলেন, হাতি প্রবণ এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দপ্তরের কর্মী-আধিকারিকরা মিলে হাতিগুলিকে নজরবন্দি করে রাখার উদ্যোগ নিয়েছে। বাঁকুড়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযুষকান্তি বেরা বলেন, মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সে ব্যাপারে সব আয়োজন করা হয়েছে। বাংলা পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর একঘন্টা আগে থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ