সংবাদদাতা, বহরমপুর: আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ হেরিটেজ উৎসব উৎসব ২০২৫। মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে তিনদিন ধরে চলবে এই উৎসব। শুক্রবার দুপুর নাগাদ আজিমগঞ্জ বারিকুঠিতে উৎসবের সূচনা করা হবে। শুরুর দিন নৌকাবিহার, রানি ভবানির চারবাংলা মন্দির পরিদর্শনের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো। আগত অতিথি ও পর্যটকদের নিয়ে পরদিন জেলার হেরিটেজ স্থানগুলি ঘুরে দেখানোর কর্মসূচি রেখেছে আয়োজক সংস্থা। ৯ ফেব্রুয়ারি হাজারদুয়ারি দর্শনের মাধ্যমেই তিন দিনের হেরিটেজ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। উদ্যোক্তাদের দাবি, মুর্শিদাবাদ জেলার বহু হেরিটেজ গুরুত্ব সম্পন্ন স্থান এখনও পর্যটকদের কাজে অজানা রয়েছে। সেই হেরিটেজ জায়গাগুলি প্রচারের আলোকে এনে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ঐতিহাসিক মুর্শদাবাদ জেলার গুরুত্ব বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। উদ্যোক্তাদের দাবি, ইতিহাসের পাশাপাশি হেরিটেজ স্থানগুলিও পর্যটকদের মুর্শিদাবাদে টেনে আনবে। বিশ্বের দরবারে মুর্শিদাবাদ জেলার গুরুত্ব বাড়বে।



