নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই আজ, শনিবার ভুয়ো ভোটার ধরার পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসতে চলেছে বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব। নেত্রী জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম ধরে বলেছিলেন, কাজলকে কনফিডেন্সে নিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। সেই নির্দেশ মতোই বৈঠকে ডাক পেয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ সমস্ত বিধায়ক, ব্লক ও অঞ্চল স্তরের নেতারা। বোলপুরের দলীয় কার্যালয়ে হবে এই বৈঠক। কাজল শেখ জানিয়েছেন, তিনি বৈঠকে যাবেন। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি এও বলেছেন যে, একক ভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। বৈঠক প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার তালিকা নিয়ে আমাদের বৈঠক। বৈঠকে সকলকে আমন্ত্রণ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, দলনেত্রীর নির্দেশ মোতাবেক আজ একটি কমিটি গঠনও করা হতে পারে। বৃহস্পতিবারই অনুব্রত মণ্ডল স্পষ্ট করেছিলেন, দলনেত্রীর নির্দেশে তিনি একটি কমিটি তৈরি করবেন।
Advertisement
তালিকা থেকে ভুয়ো ভোটার খুঁজে বের করতে দলনেত্রীর তরফে বৃহস্পতিবারই সুব্রত বক্সিকে সামনে রেখে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। রাজ্যস্তরের সেই কমিটির পাশাপাশি জেলাওয়াড়ি কোর কমিটি তৈরির বিষয়েও তিনি বার্তা দিয়েছেন। এরপরই অনুব্রত মণ্ডল স্পষ্ট করেছিলেন, দলনেত্রীর নির্দেশ মেনে একটা কোর কমিটি করা হবে। এখন ভোটার তালিকা স্বচ্ছ করার কাজে পৃথক কোর কমিটি হবে, নাকি পুরনো কোর কমিটিই নতুন আঙ্গিকে সেই কাজ করবে, সে প্রশ্নের উত্তর আপাতত অধরাই। জেলা সভাপতির ডাকা রুদ্ধদ্বার বৈঠক থেকে কী কী বার্তা দেওয়া হয়, তা জানতে মুখিয়ে জেলার রাজনৈতিক মহল।
দলনেত্রীর নির্দেশ অনুসারে যদি এদিনের বৈঠকে নতুন কোর কমিটি তৈরি হয়, সেক্ষেত্রে পুরনো কোর কমিটির ভবিষ্যত্ কী হবে, তা নিয়ে দলের অন্দরে ফিসফাস চলছে। অনেকেই মনে করছেন, বর্তমান কোর কমিটি আগের মতোই কাজ করবে। নতুন কোর কমিটি ভুয়ো ভোটার খোঁজার কাজ করবে। দলনেত্রীর নির্দেশ মোতাবেক সেই কমিটিতে কাজল শেখের স্থান হতে পারে। তবে সবটাই জল্পনা। বাস্তবে কী হবে, তা বৈঠক শেষেই স্পষ্ট হবে। কাজল শেখ বলেন, বৈঠকে যোগ দেব। ভুয়ো ভোটার রুখতে কী করতে হবে তা-ই মূল আলোচ্য বিষয় হবে। ইতিমধ্যে দলনেত্রী সেই কৌশল বলে দিয়েছেন। সেগুলি আমাদের দেখতে হবে। আগামীতে জেলায় যেসব কর্মসূচি হবে তা আলাপ আলোচনার সাপেক্ষেই হবে। এককভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন না।