অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: আইএসএলে কখনও টানা তিনটে ম্যাচ জেতেনি ইস্ট বেঙ্গল। বুধবার অস্কার ব্রুজোঁর দলের সামনে সেই ধারা বদলানোর সুবর্ণ সুযোগ। তিন পয়েন্ট পেলে ওড়িশা এফসির ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন শৌভিক, সাউলরা। তবে স্প্যানিশ কোচের সমস্যার শেষ নেই। চোট আর ইস্ট বেঙ্গল যেন সমার্থক। নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অনিশ্চিত বিষ্ণু আর নন্দকুমার। পাশাপাশি রিচার্ড সেলিসও পুরো ফিট নন। তবে সূত্রের খবর ভেনেজুয়েলার ফুটবলারকে স্কোয়াডে রাখা হবে। ম্যাচের আগে ব্রুজোঁর মন্তব্য, ‘প্রতিপক্ষ অনেক উন্নতি করেছে। মুম্বই ও বেঙ্গালুরুর থেকে পয়েন্ট কাড়া তারই প্রমাণ। রাশ আলগা করলেই বিপদ।’ অনুশীলনেও আক্রণাত্মক ফুটবলের স্পষ্ট ইঙ্গিত। ব্যাক ফোরে প্রথম একাদশে দেখা গেল রাকিপ, হেক্টর, অনোয়ার ও লালচুংনুঙ্গাকে। মাঝমাঠে শৌভিক ও সাউল ক্রেসপোকে রেখে দুই উইংয়ে মহেশ ও নিশুকুমারকে ব্যবহার করলেন স্প্যানিশ কোচ। লক্ষ্যভেদের জন্য দিয়ামানতাকোস আর মেসি বৌলিই ভরসা। ক্যামেরুনের মেসি যোগ দেওয়ার পর অনেক সুযোগ তৈরি হচ্ছে। পাঞ্জাবের বিরুদ্ধে তিনি জাল কাঁপালেও অফসাইডের জন্য তা বাতিল হয়। বুধবার লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করতে মরিয়া তিনি। দিয়ামানতাকোসের উপরও নজর থাকবে। বহুদিন পর পাঞ্জাবের বিরুদ্ধে স্কোরশিটে নাম তুলে কিছুটা চনমনে গ্রিসের স্ট্রাইকার।
Advertisement
২১ ম্যাচে ২৪ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। এদিন রাহুল ভেকের গোলে চেন্নায়ানকে ১-০ গোলে হারায় বেঙ্গালুরু। ফলে লিগ টেবিলে ৮ নম্বরে উঠে এলেন আনোয়াররা। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে হায়দরাবাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। প্রথম পর্বে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। সেদিন জিকসেনর গোলে লিড নিয়েও শেষরক্ষা হয়নি। অন্তিম লগ্নে মনোজ মহম্মদ সমতায় ফেরান হায়দরাবাদকে। দ্বাদশতম স্থানে রয়েছে তারা। হারানোর কিছুই নেই। ফিটনেস আর গতি তাদের সম্পদ। তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে চমক দিতে তৈরি হায়দরাবাদ এফসি।
ম্যাচ শুরু সন্ধা ৭-৩০ মিনিটে।
সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে।
ম্যাচ শুরু সন্ধা ৭-৩০ মিনিটে।
সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে।



