নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আজ, বৃহস্পতিবার নদীয়া জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জেলার সমস্ত পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি কথা বলবেন। উন্নয়নমূলক কাজে কোনওরকম অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন। বাংলার বাড়ি প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশন, স্বচ্ছ ভারত মিশন নিয়ে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বিকেলের দিকে কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে সেই বৈঠক ডাকা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় দফার টাকা আসার আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, ‘পঞ্চায়েত মন্ত্রী আসছেন। উন্নয়নমূলক বিভিন্ন কাজ নিয়ে তিনি আলোচনা করবেন।’ উল্লেখ্য, নদীয়া জেলা পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ব্যবহারে রাজ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে। টাকা খরচের নিরিখে সম্প্রতি শীর্ষস্থানেও জায়গা করে নিয়েছিল নদীয়া জেলা। প্রায় ৮০ শতাংশ টাকাই জেলার উন্নয়নমূলক কাজে ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে। জেলাশাসকের কড়া তদারকিতে পঞ্চায়েত থেকে সমিতি এবং জেলা পরিষদেও দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় দফার টাকা আসবে। তার আগে নদীয়া জেলার এই ফলাফল বাড়তি সুবিধা দেবে জেলা প্রশাসনকে। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পেও জেলার প্রায় ১ লক্ষ ৩০ হাজার উপভোক্তা মাথার উপর ছাদ পাচ্ছেন। অর্থাৎ, আবেদনকারীর সিংহভাগ উপভোক্তাই যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে, স্বচ্ছ ভারত মিশনের কাজে কিছুটা পিছিয়ে রয়েছে জেলা। প্রত্যেকটা বিষয় নিয়েই বৃহস্পতিবার আলোচনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।



