Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচন

আজ পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: আজ, মঙ্গলবার দিনহাটা পুরসভার নতুন চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এজন্য কাউন্সিলারদের চিঠি পাঠানো হয়েছে। কোচবিহারের জেলাশাসককেও এ বিষয়ে জানানো হবে। ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ কাণ্ডে সম্প্রতি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গৌরীশঙ্কর মাহেশ্বরী। সেই ফাঁকা আসনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে এবার। পুরসভার মিটিং হলে সেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। 
Advertisement
২০২১ সালের পরে পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ করার পদ্ধতি অনলাইনে শুরু হয়। পুরনো বিল্ডিংগুলির প্ল্যান পাশ করতে তিন বছরের জন্য ছাড় দিয়েছিল পুরসভা। এক নাগরিক পুরসভার রসিদে গরমিল রয়েছে আঁচ পেয়ে অভিযোগ জানাতেই তদন্তে নামে পুরসভা। ঘরে-বাইরে চাপে পড়েন গৌরীশঙ্কর মাহেশ্বরী। সম্প্রতি ইস্তফাও দেন তিনি। এদিকে, তদন্তে নেমে পুলিস পুরসভার এক গ্রুপ-ডি কর্মচারী, ওভারসিয়ার এবং একজন নথিভুক্ত ইঞ্জিনিয়ারের যোগ পাওয়ায় তাদের গ্রেপ্তার করেছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তারজন্য দফায় দফায় ডাকা হচ্ছে পুরসভার একাংশ কর্মীকে। চক্রটি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃতরা এখন পুলিস হেফাজতে রয়েছে। শূন্য চেয়ারম্যানের পদে এবার নির্বাচন। বর্তমানে চেয়ারম্যানের শূন্যস্থানে অতিরিক্তি দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। কাউন্সিলারদের পাঠানো চিঠিতে তিনি সই করছেন। আজ বোর্ড মিটিংয়ের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন হবে। সেখানে সকলকে হাজির হতে জানানো হচ্ছে। এদিকে, কে চেয়ারম্যান হচ্ছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাবির সাহা চৌধুরী কি পরবর্তী চেয়ারম্যান হবেন তা নিয়েও চলছে চর্চা। 
দলের অন্দরে চেয়ারম্যান হওয়ার ব্যাপারে একাধিক কাউন্সিলারের নামও ভেসে উঠছে। বর্ষীয়ান একাধিক কাউন্সিলার, মহিলা, তরুণ কাউন্সিলার সহ মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলারদেরও নাম শোনা যাচ্ছে। যদিও তৃণমূল সূত্রে খবর, ঐকমত্যের ভিত্তিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। ভাইস চেয়ারম্যান বলেন, নতুন চেয়ারম্যান নির্বাচন করার জন্য বোর্ড মিটিং ডাকা হয়েছে। এদিকে, সোমবার সন্ধ্যায় উদয়ন গুহ কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসেন। সব কাউন্সিলারের সঙ্গে আলোচনা করার পরে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পর্কিত সংবাদ