নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যালের সুরক্ষা খতিয়ে দেখতে আজ, বুধবার মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া ‘হাইপাওয়ার টিম’ আসছে জলপাইগুড়িতে। ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে জলপাইগুড়ি মেডিক্যালে নিরাপত্তা বৃদ্ধির কাজ কতটা এগিয়েছে, তা চাক্ষুষ করতেই সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বাধীন স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটির টিম আজ আসছে বলে মেডিক্যাল সূত্রে খবর। কলকাতার পর জেলার মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার হালহকিকত খতিয়ে দেখার কাজ আগেই শুরু করেছে ওই বিশেষ টিম।
Advertisement
জলপাইগুড়ি মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, ৪ ডিসেম্বর নিরাপত্তা অডিট কমিটির টিমের আসার কথা। তাঁর দাবি, রাজ্যের নির্দেশ মতো নিরাপত্তা বিষয়ক কাজগুলি জলপাইগুড়ি মেডিক্যালে আগেই শুরু হয়ে গিয়েছে। সিসি ক্যামেরা, ডক্টরস রুম, বায়োমেট্রিক সহ কিছু কাজ প্রায় শেষের পথে। এছাড়াও হাসপাতাল ক্যাম্পাসে আলো, শৌচালয়, গেট, পাঁচিলের কাজ হচ্ছে। প্যানিক বোতাম বসানোর কাজও হবে। ত্রিশটির মতো প্যানিক বোতাম বসছে।



