Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ কালনার প্রাচীন মহাপ্রভু মন্দিরে স্নানযাত্রা উৎসব

আজ কালনার প্রাচীন মহাপ্রভু মন্দিরে স্নানযাত্রা উৎসব
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: আজ মঙ্গলবার ৫০০ বছরের প্রাচীন কালনা মহাপ্রভুর মন্দিরে স্নানযাত্রা উৎসব। এই স্নানযাত্রায় শামিল হন হাজার হাজার ভক্ত। উৎসব ঘিরে সোমবার থেকেই সেজে উঠছে মন্দির। চলছে নাম গান। 
Advertisement
শ্রীচৈতন্যদেব ও নিত্যানন্দ নদীপথে কালনা শহরের মহাপ্রভুপাড়ায় এই মন্দিরে এসে ছিলেন। আসার পথে একটি তেঁতুল গাছের নীচে বিশ্রাম নিয়েছিলেন। সেই তেঁতুল গাছ ও গাছের নীচে প্রভুর চরণ চিহ্ন আজও বিরাজমান। মন্দিরে চৈতন্যদেবের জীবদ্দশায় নির্মিত চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভুর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন হয়। মন্দিরের সেবাইতদের দাবি, এক মাত্র কালনার মহাপ্রভু মন্দিরেই চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভুর জীবদ্দশায় প্রথম পুর্ণাবয়ব দারু মূর্তি স্থাপন হয়। মন্দিরে চৈতন্যদেবের হাতে লেখা পুঁথি ও নৌকার বৈঠা আজও সংরক্ষিত আছে। দুই বিগ্রহ চলমান দেব নামে পরিচিত। প্রাচীন রীতি মেনে দামোদর মাসের শেষদিন উত্থান একাদশীতে মন্দিরের রাধাগোবিন্দ বিগ্রহকে সিংহাসনে রেখে কাঁধে চড়িয়ে নগর ভ্রমণ করানো হয়। শেষে ভাগীরথী নদীতে স্নান পর্ব হয়। যা ভক্তদের কাছে মহাপ্রভুর স্নানযাত্রা নামে পরিচিত। পুজো পাঠ ও স্নানযাত্রা পরিক্রমায় অংশ নিতে শুধু কালনা নয় নদীয়া, হুগলি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়।
মন্দিরের প্রধান সেবাইত তাপস গোস্বামী বলেন, প্রাচীন রীতি মেনে উত্থান একাদশীর দিন সন্ধ্যায় মন্দিরের প্রাচীন রাধাগোবিন্দের বিগ্রহ নগর পরিক্রমা হয়। এরপর ভাগীরথী নদীর পাড়ে চলে স্নান পর্ব। রয়েছে বিশেষ পুজো পাঠ ও ভোগরাগ।
সম্পর্কিত সংবাদ