Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ দেউচা পাচামি কয়লা শিল্প এলাকা পরিদর্শনে মুখ্য‌স঩চিব ও ডিজি

আজ দেউচা পাচামি কয়লা শিল্প এলাকা পরিদর্শনে মুখ্য‌স঩চিব ও ডিজি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: উদ্বোধনের আগেই দেউচা পাচামি কয়লাখনি এলাকা পরিদর্শনে আসছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। পুজোর পর এই কয়লাখনি চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিনের মধ্যে জয়দেব মেলায় একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি খনিপ্রকল্প উদ্বোধন করবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু তা আদৌ কতটা সম্ভব-সেটা জানতেই পরিদর্শনে আসছেন মুখ্যসচিব ও ডিজি। সেইসঙ্গে পিডিসিএলের এমডি পিবি সেলিমেরও আসার সম্ভাবনা রয়েছে। জেলাশাসক বলেন, মুখ্যসচিব ও ডিজিকে প্রকল্প এলাকা দেখানো হবে।
Advertisement
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে দেউচা পাচামিতে জমি নেওয়ার পদ্ধতি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। জেলাশাসক বিধান রায়কে তিনি বলেন, ‘দেউচা পাচামিতেও কেউ কেউ কী করছে, আমি আর বলছি না। তুমি জানো, আমিও জানি এবং সিএসও(মুখ্যসচিব) জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? যেখানে যা হচ্ছে, সাতদিনের মধ্যে তুমি দেখে নাও। দেউচা পাচামিতে তোমরা কেন খাপছাড়া জমি নিয়েছ? ওখানে যারা বঞ্চিত হয়েছে, তার কারণ একটি গ্রাম থেকে জমি নিয়েছ, আরেকটি গ্রাম থেকে নাওনি। ওরা ভাবছে, তাহলে ওরা পাবে না। জমি কেনার ধারাবাহিকতা মেইনটেইন করো। যে কমিটি তোমাদের প্রথম থেকে সাহায্য করত, তাদের নিয়ে সিএস যেভাবে বলবে, সেভাবে কাজ করো। কোনও নেতার কথায় কাজ হবে না। আমার কথাতেও হবে না।’
প্রশাসন সূত্রের খবর, এই পরিস্থিতিতে শুক্রবারই পরিদর্শনে আসছেন রাজ্যের কর্তারা। মুখ্যসচিব ও ডিজি শুক্রবার সকালে সিউড়ি থেকে দেউচা পাচামির চাঁদা মৌজায় যেতে পারেন। সেখান থেকেই খননকার্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকও হবে।
সম্পর্কিত সংবাদ