নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার রাজ্যের তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল সংলগ্ন কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী কাল বুধবার বড়দিনে দার্জিলিংয়ের কিছু এলাকায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে। রাজ্যের আর কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Advertisement
আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, পুবালি বাতাসের প্রবেশ ও পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাল্কা বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজ মঙ্গলবার তামিলননাড়ু-অন্ধ্র উপকূল অতিক্রম করবে। এটির সরাসরি কোনও প্রভাবে রাজ্যে পড়ছে না। উত্তর ভারতে এখন একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে। কয়েকদিনের মধ্যে আরও একটি শক্তিশালী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। এই কারণে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ায় দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকায় আপাতত জাঁকিয়ে শীত পড়বে না। বড়দিনের সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় তাপমাত্রা অবশ্য এর তুলনায় অনেকটাই কম থাকবে। যদিও পশ্চিমাঞ্চলসহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। সব জায়গাতেই ১০ ডিগ্রির উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা বিরতি হলেই ফের কনকনে শীত ফিরবে রাজ্যজুড়ে।



